মাদারীপুরে হাসপাতাল ভবনে আগুন আতঙ্ক, দৌড়াতে গিয়ে আহত ৫
![]() |
| মাদারীপুরে শিবচর উপজেলায় আগুনের আতঙ্কে হাসপাতাল থেকে তাৎক্ষণিকভাবে বেরিয়ে যান রোগী, স্বজন ও কর্মকর্তা–কর্মচারীরা। গতকাল রোববার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে | ছবি: পদ্মা ট্রিবিউন |
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন আতঙ্কে ভবন থেকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের কোনো অস্তিত্ব পাননি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় দুই ঘণ্টা পর রোগী ও তাঁদের স্বজনেরা হাসপাতালে ফিরে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের ষষ্ঠ তলার মহিলা ওয়ার্ডে এক রোগীকে সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে অক্সিজেন বের হতে থাকে। এতে পুরো ওয়ার্ড ধোঁয়ার মতো কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তেই আগুন লাগার গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত রোগী ও স্বজনেরা সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। তাড়াহুড়ো করে নামতে গিয়েই অন্তত ৫ জন আহত হন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইব্রাহিম দ্রুত সেখানে যান। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আগুনের কোনো আলামত না পেয়ে সবাইকে আশ্বস্ত করে। এরপর রাত ১১টার দিকে রোগীরা নিজ নিজ শয্যায় ফিরে যান।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, সিলিন্ডার লিকেজ হওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল। হুড়োহুড়ি করতে গিয়ে কয়েকজন আহত হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments
Comments