বাগমারায় দুস্থদের চাল বিতরণে বিশৃঙ্খলা, ভ্যানচালককে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ল সামাজিক মাধ্যমে
![]() |
| রাজশাহীর বাগমারায় ভিজিএফের চাল নিতে এসে হামলার শিকার হন তরুণ সিরাজুল ইসলাম। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতিকে মারতে দেখা যায় তরুণকে। রোববার দুপুরে | ছবি: সংগৃহীত |
রাজশাহীর বাগমারা উপজেলায় দুস্থদের জন্য বরাদ্দ চাল (ভিজিএফ) নিতে আসা এক ভ্যানচালককে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক প্রামাণিককে ওই ভ্যানচালকের গায়ে হাত তুলতে দেখা যায়। গত রোববার ভবানীগঞ্জ পৌর ভবনের সামনে এই ঘটনা ঘটে।
ছড়িয়ে পড়া ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা আবদুর রাজ্জাক প্রামাণিক এক তরুণকে মারার জন্য ধাওয়া করছেন। ওই তরুণের নাম সিরাজুল ইসলাম, যিনি পেশায় একজন ভ্যানচালক। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই তরুণ মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করেন। ভিডিওতে আরও দেখা যায়, ভবানীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন ওই তরুণের হাত ধরে রেখে মারধরে সহযোগিতা করছেন। আবদুর রাজ্জাক ওই তরুণকে কিলঘুষি মারতে থাকেন এবং একপর্যায়ে তরুণটি দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ভবানীগঞ্জ পৌরসভায় চাল বিতরণের সময় বিশৃঙ্খলা দেখা দেয়। অনেক কার্ডধারী চাল না পেয়ে বিক্ষোভ শুরু করেন। ভিডিওটি নিয়ে সমালোচনা শুরু হলে গতকাল সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা আবদুর রাজ্জাক। তিনি দাবি করেন, ওই তরুণের কার্ডের ব্যবস্থা তিনিই করে দিয়েছেন এবং সে চালও পেয়েছে। কিন্তু এরপরও সে জামায়াতের লোকজনের সঙ্গে মিশে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তবে মারধরের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে ওই ভ্যানচালকের সঙ্গে সোমবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। জামায়াতের ভবানীগঞ্জ পৌর শাখার আমির আশরাফুল ইসলাম বলেন, অনেক কার্ডধারী চাল না পেয়ে অভিযোগ করতে গেলে তাঁদের ওপর চড়াও হওয়া হয়। একজন প্রতিবন্ধী ভ্যানচালককে মারধরের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
ভবানীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা জানান, তালিকাভুক্তদের মধ্যে ৩৪ জন শুরুতে চাল পাননি, তবে পরে তাঁদের চাল দেওয়া হয়েছে। এ ছাড়া তালিকার বাইরেও অনেক লোক এসে ভিড় করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।

Comments
Comments