[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মির্জাপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশঃ
অ+ অ-
মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের উত্তর স্পিনিং মিলসের শ্রমিকেরা আজ দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন | ছবি: পদ্মা ট্রিবিউন   

টাঙ্গাইলের মির্জাপুরে বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানা বন্ধ রাখার প্রতিবাদে বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের ‘উত্তর স্পিনিং মিলস’-এর শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন। পরে মালিকপক্ষ বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তর স্পিনিং মিলসে গ্যাস-সংযোগ বন্ধ থাকায় এবং সুতা উৎপাদনের কাঁচামাল সংগ্রহ করতে না পারায় প্রায় তিন মাস ধরে কারখানাটির উৎপাদন বন্ধ (লে-অফ) ছিল। বৃহস্পতিবার কারখানাটি চালুর কথা ছিল। সেই অনুযায়ী সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে দেখেন কারখানার ফটকে তালা এবং বন্ধের নোটিশ ঝোলানো। এতে ক্ষুব্ধ হয়ে প্রায় ৩০০ শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে মির্জাপুর সেনা ক্যাম্পের কর্মকর্তা মেজর হাফিজ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ ঘটনাস্থলে আসেন। তাঁরা কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন। অবরোধের কারণে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

এই বিষয়ে উত্তর স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জলী লাল মোদী ও প্রকল্প পরিচালক বিধান সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

মির্জাপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, মালিকপক্ষের সঙ্গে কথা বলার পর তারা বেতন-বোনাস দিতে রাজি হয়েছে। বিষয়টি শ্রমিকদের জানালে তাঁরা অবরোধ তুলে নেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন