জ্বালানি তেল মজুত হচ্ছে বাড়ি, দোকান ও গোয়ালঘরে
![]() |
| ময়মনসিংহের হালুয়াঘাটে মুদিদোকানির বাড়িতে মজুত করা ৩৭০ লিটার জ্বালানি তেল জব্দ করে প্রশাসন। শুক্রবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতার মধ্যে কয়েকটি জেলায় তেল মজুত থাকার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অপরাধীদের জরিমানা করার পাশাপাশি কারাদণ্ডও দিয়েছেন। কোথাও কোথাও তেল না পেয়ে মানুষ সড়ক অবরোধ করেছে। দেশের বিভিন্ন জেলা থেকে এই সংক্রান্ত খবর পাঠিয়েছেন প্রতিনিধিরা।
ময়মনসিংহ
হালুয়াঘাট উপজেলার জামগড়া মোড় এলাকায় মুদিদোকানি শাহজালালের বাড়িতে অভিযান চালিয়ে ৩৭০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় শাহজালালকে পাওয়া যায়নি। মজুত করা জ্বালানি তেল পরবর্তীতে বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জামগড়া মোড় এলাকায় শাহজালালের বাড়িতে অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত। বাড়ির একটি ঘরে ৯টি গ্যালনে ৩৭০ লিটার পেট্রল মজুত অবস্থায় পাওয়া যায়। মুদিদোকানি শাহজালাল শুধু দোকান পরিচালনা করতেন না, তিনি পেট্রলও বিক্রি করতেন। তবে অতিরিক্ত দামে তেল মজুত রেখে বিক্রি করছিলেন।
ভারপ্রাপ্ত ইউএনও জান্নাত বলেন, ‘মুদিদোকানি নিজ বাড়িতে ৯টি গ্যালনে ৩৭০ লিটার জ্বালানি তেল মজুত করে রাখতেন। অভিযান চালিয়ে সেগুলো জব্দ করা হয়েছে এবং বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে। অভিযানের সময় মজুতকারীকে পাওয়া না যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে সরাসরি ব্যবস্থা নেওয়া যায়নি। তবে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।’
নেত্রকোনা
কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। পাশাপাশি এসব তেল লাইসেন্স ছাড়া বেশি মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এনায়েতুর রহমান নামের এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
![]() |
| নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামপুর বাজারের ব্যবসায়ী এনায়েতুর রহমান পেট্রল অবৈধভাবে মজুত রেখে লাইসেন্স ছাড়া বেশি মূল্যে খুচরা বিক্রি করছিলেন। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ইউএনওর নেতৃত্বে সেখানে অভিযান চালানো হলে বিষয়টি সত্য প্রমাণিত হয়। এ সময় এনায়েতুর রহমানের গুদামঘরে অবৈধভাবে ড্রামে রাখা ৮০০ লিটার পেট্রল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করে।
জব্দ করা এসব পেট্রল শনিবার সকাল ১০টায় রামপুর বাজারে সরকার নির্ধারিত মূল্যে ও পরিমাণ অনুযায়ী প্রকাশ্যে বিক্রির জন্য কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দুয়ার ইউএনও মো. রিফাতুল ইসলাম বলেন, প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দিনাজপুর
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর নীরাবল এলাকায় রাতের আঁধারে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় শাহিনুর ইসলাম (১৯) নামের এক তরুণকে দুই হাজার টাকা জরিমানা ও পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহিনুর ইসলাম উপজেলার কালিয়াগঞ্জ গোপিনাথপুর গ্রামের নুরুজ্জামান মানিকের ছেলে। একই সময়ে অবৈধভাবে পেট্রল বিক্রির দায়ে ধর্মজৈন কাতুলিয়াপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)কে দুই হাজার টাকা এবং পার্বতীপুর উপজেলার পশ্চিম বাজিতপুর গ্রামের ইয়ানুস সিয়াম (১৭) নামের এক কিশোরকে এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
![]() |
| দিনাজপুরে অবৈধভাবে পেট্রল বিক্রির দায়ে তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দিবাগত রাতে বিরল উপজেলার ধর্মপুর এলাকার নীরাবল এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ইশতিয়াক আহমেদ বলেন, ‘স্থানীয়দের ফোনে বিষয়টি জানতে পারি। পরে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাই। জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পার্বতীপুর উপজেলা থেকে জারকেনে পেট্রল নিয়ে এসে সীমান্ত এলাকা বিরলে বেশি দামে বিক্রি করেন। অর্থদণ্ড পাওয়া শাহিনুর কয়েক দিন আগেও একই অপরাধে দুই হাজার টাকা জরিমানা গুনেছেন। শুক্রবার রাতে ওই তিনজনকে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে পাঁচ দিনের জন্য জেলহাজতে পাঠানো হয়েছে।’
জামালপুর
জামালপুর শহরের জুই এন্টারপ্রাইজ নামের জ্বালানি তেলের একটি দোকানে তেল না থাকার কারণে ক্ষুব্ধ মোটরসাইকেলের চালকেরা সড়ক অবরোধ করেন। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ওই দোকানে তেলের মজুত পায় এবং তাৎক্ষণিকভাবে বিক্রি শুরু করায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ওই দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। শুক্রবার দুপুরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে জিগাতলা এলাকার একটি জ্বালানি তেলের দোকানে তেল কিনতে গিয়ে চালকেরা তেল পাননি। বিক্রেতারা তেল নেই বলে জানালে ক্ষুব্ধ চালকেরা জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সাধারণ মানুষ যান চলাচলে ভোগান্তির মধ্যে পড়ে। খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ওই দোকানে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ লিটার তেলের মজুত পাওয়া যায়। এরপর প্রশাসনের উপস্থিতিতে তেল বিক্রি শুরু করা হয়।
![]() |
| জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেলের চালকেরা জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। আজ শনিবার দুপুরে জামালপুর শহরের জিগাতলা এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন |
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে ওই দোকানের রেজিস্টার দেখে দেখি, সেখানে তেল নেই। কিন্তু আমরা দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ লিটার তেল মজুত রাখা অবস্থায় পাই। ওই তেল আবারও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
কুড়িগ্রাম
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি গোয়ালঘর থেকে ড্রামভর্তি পেট্রল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার গোয়ালঘরে অবৈধভাবে পেট্রল মজুত রাখা হয়েছিল। অভিযোগ আছে, পরিবারের এক সদস্য ড্রামে পেট্রল সংরক্ষণ করে বেশি দামে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে পেট্রোলভর্তি ড্রাম ও তেল বিক্রির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত না থাকায় তাঁর পরিবারের অন্য একজন জরিমানার অর্থ পরিশোধ করেন।
![]() |
| কুড়িগ্রামে গোয়ালঘরে পেট্রল মজুত করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন এক ব্যক্তিকে। রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে | ছবি: পদ্মা ট্রিবিউন |
তবে অভিযোগ অস্বীকার করে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তিগত মোটরসাইকেলের ব্যবহারের জন্য কিছু পেট্রল সংরক্ষণ করা হয়েছিল। শত্রুতাবশত কেউ বিষয়টি প্রশাসনকে অতিরঞ্জিতভাবে জানিয়েছে বলেও দাবি করেছেন তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, বসতবাড়ির গোয়ালঘরে ঝুঁকিপূর্ণভাবে পেট্রল মজুত রাখা হয়েছিল, যা আইনত দণ্ডনীয়। এ কারণে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং জব্দ করা মালামাল উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়েছে।





Comments
Comments