[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বইমেলায় নিরিবিলি পরিবেশ

প্রকাশঃ
অ+ অ-
বই দেখছেন দুই পাঠক। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণে | ছবি: পদ্মা ট্রিবিউন

শুক্র ও শনিবার ছুটির দুই দিন মেলায় দর্শনার্থীদের ভিড় থাকলেও গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে অমর একুশে বইমেলায় ছিল নিরালা পরিবেশ। জনজীবনে এখন ক্রমেই ঈদের আমেজ বাড়ছে। কেনাকাটা আর বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে সবাই ব্যস্ত। এর মধ্যে বই কেনার জন্য মেলায় আলাদা করে সময় বের করা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে।

তবে মেলার আবহাওয়া এখন বেশ চমৎকার। বিকেল থেকে আকাশ কিছুটা মেঘলা থাকে। উদ্যানে নতুন পাতা ও ফুলের সৌরভে ভরা বাতাস বইছে। ভিড় কম থাকায় মেলায় শোরগোলও কম। আগতরা গাছের তলায় বা জলাধারের পাশের বেঞ্চে বসে আড্ডায় মগ্ন থাকছেন। গতকাল সন্ধ্যায় বাতিঘর ও স্বপ্ন ’৭১ প্রকাশনীর স্টলের সামনে লেখক ও প্রকাশকদের সঙ্গে কথা বলে এমন চিত্রই দেখা গেছে।

মিরপুর মনিপুর স্কুল ও কলেজের শিক্ষক কবি আয়েশা জাহান নুপূর বললেন, ‘লেখক হিসেবে বলব, মেলায় এই পরিবেশ প্রকাশকদের জন্য কঠিন। স্কুল-কলেজ ছুটি হয়েছে, সবাই ঈদের কেনাকাটা করছে। ফলে বইয়ের ক্রেতা কম। তবে বই কেনার জন্য পরিবেশ এখন খুব ভালো। ভিড় না থাকায় স্বস্তিতে দেখে-শুনে বই বাছাই করা যায়।’ তিনি কাল বেশ কিছু বই কিনেছেন, যার মধ্যে রয়েছে পার্থ প্রতীম দের উপন্যাস ‘তিলপর্ণিকা’, সাহাদাত পারভেজের ‘ভাষা আন্দোলন: পাঁচ আলোকচিত্রীর চোখে’ এবং এলিজা বিনতে এলাহীর ‘ঐতিহ্য ভ্রমণ দেশে দেশে’।

মেলার পরিবেশ নিয়ে বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা জাফর আহমদ রাশেদ বলেন, এবার প্যাভিলিয়ন না থাকায় মেলায় বড় পরিবর্তন এসেছে। স্টলের সারির মধ্যে প্রশস্ত পথ থাকায় পাঠকদের স্টল খুঁজে পাওয়া সহজ হয়েছে। বাতিঘর থেকে এবার মঙ্গলকুমার চাকমার তিন খণ্ডের ‘পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন’সহ অনেক নতুন বই এসেছে।

মেলার তথ্যকেন্দ্রের তালিকা অনুযায়ী গতকাল নতুন বই এসেছে ৭৫টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— অনিন্দ্য প্রকাশ থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘লড়াইটা কিন্তু পুঁজিবাদের বিরুদ্ধেই’, অনুপ্রাণন প্রকাশনী থেকে মঞ্জু সরকারের গল্পগ্রন্থ ‘শখের বাগানে সাপ’, অনুপম থেকে শান্তা শ্রীমানীর ‘মোঘল গার্ডেন’, ইউপিএল থেকে আলী রীয়াজের ‘সংকটময় যাত্রা’ এবং বাংলা একাডেমি থেকে মোহাম্মদ আজম সম্পাদিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের গল্প’। এ ছাড়া সাহিত্য দেশ থেকে এসেছে সমরকৌশলবিষয়ক কালজয়ী গ্রন্থ সান জু’র ‘দ্য আর্ট অব ওয়ার’-এর অনুবাদ।

সাবেক বিরোধীদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদে তাঁর সাহসী ভূমিকার জন্য দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। প্রথমা প্রকাশন থেকে আসা তাঁর ‘সংসদের দিনগুলি: একাদশ সংসদে সাড়ে তিন বছর’ বইটিতে তিনি সংসদ সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি মাত্র সাতটি আসন ও একটি সংরক্ষিত মহিলা আসন পেয়েছিল। সেই বৈরী পরিবেশে সংসদে রুমিন ফারহানাকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। বইটিতে সেই অভিজ্ঞতার প্রাঞ্জল বর্ণনা রয়েছে।

রুমিন ফারহানা যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাস করে দেশে আইন পেশা শুরু করেন। তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি জয়ী হয়েছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন