আমতলীতে অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২
![]() |
| পুলিশের অভিযানে সিএনজি থেকে উদ্ধার হওয়া দেশীয় অস্ত্র | ছবি: পদ্মা ট্রিবিউন |
বরগুনার আমতলীতে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।
শনিবার দুপুরের দিকে আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন— সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) এবং উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মিল্টন মিয়া ও রাহাত ফকিরের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে দুপুরে রাহাত ফকিরের নেতৃত্বে একদল লোক মিল্টন মিয়ার ওপর হামলা চালায়। এতে মিল্টন মিয়া ও রাসেল আকন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লার একটি অটোরিকশা তল্লাশি করে দেশীয় অস্ত্র পায়। পরে অস্ত্রসহ অটোরিকশাটি জব্দ করে আমতলী থানায় নিয়ে যাওয়া হয়।
মালিক সমিতির সভাপতি মিল্টন হাওলাদার অভিযোগ করেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা স্ট্যান্ড পরিচালনা করছিলাম। কিন্তু রাহাত ফকির এতে বাধা দেন। একপর্যায়ে তাঁর লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে।
এসব অভিযোগ অস্বীকার করে রাহাত ফকির বলেন, আমি আগে থেকেই স্ট্যান্ড পরিচালনা করতাম। মিল্টন হাওলাদার জোর করে সেটি দখল করেছেন। তা ফিরে পেতে চাইলে এই দ্বন্দ্বের সৃষ্টি হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একটি অটোরিকশা ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments
Comments