গুলশানে তিন দিনের ‘চাঁদরাত উৎসব’ শুরু
![]() |
| উৎসবে আসা অনেকেই মেহেদিতে হাত রাঙাচ্ছেন। ১৮ মার্চ | ছবি: আয়োজকদের সৌজন্যে |
ঈদুল ফিতরের আনন্দকে আরও রঙিন করতে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ‘গুলশান সোসাইটি চাঁদরাত ২০২৬’। বুধবার বিকেলে গুলশান লেক পার্কে এই উৎসব শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে তিন দিন ধরে চলবে এই আয়োজন, যা শেষ হবে ২০ মার্চ ভোর ৪টায়।
রাত সাড়ে ৯টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও বৃষ্টির কারণে তা পিছিয়ে বৃহস্পতিবার দুপুরে নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে সাহ্রি পর্যন্ত চলবে উৎসব।
রাজধানীর গুলশান এলাকার বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য মেলার প্রধান পৃষ্ঠপোষক ব্যাংক এশিয়া।
গুলশান সোসাইটি জানায়, এই আয়োজনের মূল লক্ষ্য আধুনিক ব্যস্ত জীবনের মধ্যে পুরোনো দিনের চাঁদরাতের স্মৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ আবার ফিরিয়ে আনা।
উৎসবে দর্শনার্থীদের জন্য রয়েছে নানা আয়োজন। ৩০টির বেশি নামী ব্র্যান্ড তাদের বিশেষ স্টল নিয়ে অংশ নিচ্ছে। সেখানে প্রিমিয়াম জীবনধারার পণ্য, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং দেশি-বিদেশি বিভিন্ন শিল্পকর্ম পাওয়া যাচ্ছে।
এ ছাড়া দর্শকদের জন্য রয়েছে সুফি গান, গজল ও কাওয়ালি পরিবেশনা। শিশুদের জন্য থাকছে ঐতিহ্যবাহী পুতুলনাচ।

Comments
Comments