[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ছিনতাইয়ের সময় লক্ষ্যভ্রষ্ট গুলি, নিজেদের সদস্য নিহত

প্রকাশঃ
অ+ অ-
গুলি | প্রতীকী ছবি

খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট এলাকায় গভীর রাতে এক ব্যবসায়ীকে জিম্মি করে ছিনতাইয়ের সময় নিজেদের গুলিতে ছিনতাইকারী দলের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে স্টিমারঘাট–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর নাম তাহিদুল ইসলাম (২৮)। তিনি দেয়াড়া গ্রামের জাবেদ আলী শেখের ছেলে। গুলি না লাগলেও তিনি আহত হয়েছেন; বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মুঠোফোনে টাকা ভরার ও মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার ব্যবসা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে তাহিদুল দোকান বন্ধ করে নগদ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চারজনের একটি সশস্ত্র ছিনতাইকারী দল তাঁর পথ আটকায়। তারা অস্ত্রের মুখে তাহিদুলকে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাহিদুল টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা জোর করে টাকা নেওয়ার চেষ্টা করে। এ সময় ছিনতাইকারী দলের এক সদস্য গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাদের দলেরই এক সদস্যের গায়ে লাগে।

নিহত ব্যক্তির নাম সাগর (৩০)। তিনি দিঘলিয়ার সদর ইউনিয়নের দেয়াড়া কলোনির বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। খুলনা জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী (শুভ্র) বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে পথ আটকিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের সময় নিজেদের গুলিতে সংঘবদ্ধ দলের একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি মৃত্যুর আগে তাঁর সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন