[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পেট্রোলের লাইনে দীর্ঘ অপেক্ষা, দাঁড়িয়ে থাকা অবস্থায় চালকের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
লাশ | প্রতীকী ছবি

দিনাজপুরের কাহারোল উপজেলায় ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়ে অসুস্থ হয়ে এনায়েতুল করিম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আছমা লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

মৃত এনায়েতুল করিম বীরগঞ্জ উপজেলার সাঁতোর ইউনিয়নের সাঁতোর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পেশায় তিনি কৃষক। কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে বীরগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন এনায়েতুল। মোটরসাইকেলে জ্বালানি কম থাকায় উপজেলা শহরের আছমা লতিফা ফিলিং স্টেশনে থামেন। সেখানে অন্যদের মতো তিনিও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তিনি ৪৫ মিনিটের বেশি সময় অপেক্ষা করেন। এ সময় রোদও বাড়ছিল। একপর্যায়ে মোটরসাইকেলসহ তিনি মাটিতে পড়ে যান। আশপাশের লোকজন তাঁকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাহারোল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাঁকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখেছি, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।’

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার বর্মন বলেন, তেল নিতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকায় এনায়েতুল অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন