[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশঃ
অ+ অ-
খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে নিহত ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরা | ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে প্রসিত খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আপন ত্রিপুরা (২৮) পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার বাসিন্দা। তিনি দলে ‘সংগ্রাম’ নামে পরিচিত ছিলেন।

ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। এই ঘটনার জন্য তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস-সন্তু লারমা পক্ষ) দায়ী করেছেন। বিবৃতিতে অভিযোগ করা হয়, জেএসএসের ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল ওত পেতে থেকে সাংগঠনিক কাজে যাওয়ার সময় আপন ত্রিপুরাকে খুব কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তবে জেএসএসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহতথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, আমাদের কোনো সদস্যের এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা নেই। আমরা জানতে পেরেছি, ইউপিডিএফের একটি সশস্ত্র দল প্রতিপক্ষের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছিল। সেখানে জনসংহতি সমিতিকে জড়ানো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

ইউপিডিএফ নেতা অংগ্য মারমা আরও অভিযোগ করেন, প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকায় খুন ও অপহরণের মতো ঘটনা বাড়ছে। তাঁরা অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় মরদেহ উদ্ধার করে নিয়ে আসতে কিছুটা সময় লাগছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন