[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দিনাজপুরে বরযাত্রীর সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ঝরল একজনের প্রাণ

প্রকাশঃ
অ+ অ-
দিনাজপু‌রের কাহা‌রোলে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। মঙ্গলবার রাতে পঞ্চগড়-‌দিনাজপুর আঞ্চ‌লিক মহাসড়‌কের দশমাইল এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন  

দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাসকে পাশ দেওয়া নিয়ে সংঘর্ষে মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার পঞ্চগড়–দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক এবং শ্রমিক সংগঠনের সদস্য ছিলেন। ঘটনার পর স্থানীয় লোকজন রাত ১০টা পর্যন্ত দশমাইল এলাকায় সড়ক অবরোধ করে রাখেন।

ঘটনাস্থলে থাকা মনির হোসেন (৪৫) জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে রংপুরের তারাগঞ্জ এলাকায় বরযাত্রী বহনকারী একটি মাইক্রোবাস যাচ্ছিল। তেরমাইল এলাকায় একই দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে হর্ন দিয়ে পাশ কাটিয়ে যায় মাইক্রোবাসটি। দ্রুতগতিতে অটোরিকশার খুব কাছ দিয়ে গেলেও সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে ওই অটোরিকশার চালক সফিকুল ইসলাম মুঠোফোনে দশমাইল এলাকার কয়েকজনকে বিষয়টি জানিয়ে বরযাত্রীদের মাইক্রোবাসটি আটকে দেওয়ার কথা বলেন।

এরপর মোস্তফা কামাল কয়েকজনকে নিয়ে দশমাইল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে বরযাত্রীদের মাইক্রোবাসসহ গাড়িবহর থামান। এ সময় বরযাত্রীরা মাইক্রোবাস থেকে নেমে আসেন এবং দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই পড়ে যান মোস্তফা কামাল। পরে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, মোস্তফা কামালকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাঁকে দেখেন। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে রাত সোয়া ১০টার দিকে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন বলেন, গাড়িকে পাশ দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এবং একজন মারা গেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। রাত ১০টার দিকে স্থানীয় লোকজন সড়ক ছেড়ে দেন। দুই পক্ষের সঙ্গে কথা চলছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন