পররাষ্ট্রনীতির মূল ভিত্তি বহুপাক্ষিকতা, জাতিসংঘে জানালেন পররাষ্ট্রমন্ত্রী
| মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার নিউইয়র্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘে যোগদানের পর থেকে বাংলাদেশ বহুপাক্ষিক নীতিকেই পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে। তিনি দেশের পক্ষ থেকে বিশ্বশান্তি, নিরাপত্তা ও সহযোগিতার অঙ্গীকারের কথা জানান।
নিউইয়র্কে বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত দেশের ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকায় এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সংবর্ধনায় প্রায় ১৫০ জন স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কূটনৈতিক মহলের সদস্যরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৪ সালে জাতিসংঘে যোগদানের পর থেকে বাংলাদেশ শান্তি রক্ষায় অব্যাহতভাবে অবদান রেখে আসছে। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তাও অব্যাহত রয়েছে। তিনি বলেন, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জাতিসংঘ সনদের আলোকে গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে গত পাঁচ দশকে বাংলাদেশ আর্থসামাজিক অগ্রগতি অর্জন করেছে।
স্বাগত বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, ২৬ মার্চ শুধু একটি জাতির জন্ম নয়, এটি জনগণের ইচ্ছাশক্তি, মর্যাদা ও স্বাধীনতার চিরন্তন বিজয়ের প্রতীক।
এর আগে মিশনের অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জাতীয় নেতাদের বাণী পাঠ করা হয় এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার জন্য একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
Comments
Comments