১০ টাকা ভাড়ার জন্য নাতিকে নিয়ে পালালেন অটোচালক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
| রাজশাহী জেলার মানচিত্র |
রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় মাত্র ১০ টাকা ভাড়ার জন্য এক যাত্রীর ১২ বছর বয়সী নাতিকে অটোরিকশায় তুলে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। পরে স্থানীয় জনতার হাতে ধরা পড়লে তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত অটোরিকশাচালকের নাম মো. আকাশ (২৫)। তাঁর বাড়ি পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাঁর অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গোদাগাড়ী উপজেলার কদমশহর এলাকার শিশু মেহেদী হাসান তার নানি কাজল রেখার সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল। চিকিৎসা শেষে ফেরার পথে অটোরিকশাচালক আকাশ নানি ও নাতির মোট ভাড়া ২০ টাকা দাবি করেন। কিন্তু নানির কাছে মাত্র ২০ টাকাই ছিল, যা দিয়ে তাঁকে অনেকটা পথ যেতে হতো। তিনি চালককে ১০ টাকা দিয়ে বাকি ১০ টাকা দিয়ে অন্য পথে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু চালক তা না মেনে এক হাত দিয়ে শিশুটিকে জড়িয়ে ধরে দ্রুত অটোরিকশা চালিয়ে চলে যান।
এ সময় নানি কাজল রেখা আহাজারি করতে করতে চালকের পিছু নেন। নগরের হড়গ্রাম এলাকায় গিয়ে তিনি চালককে শনাক্ত করলে স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। জনতার জেরার মুখে চালক দাবি করেন, তিনি শিশুটিকে কিছু দূর গিয়ে নামিয়ে দিয়েছেন। পরে শিশুটিকে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং সেও ঘটনার বর্ণনা দেয়।
চালক আকাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি কিছু দূর গিয়ে শিশুটিকে ছেড়ে দিয়েছেন। নিজেকে কলেজছাত্র দাবি করে তিনি ছবি না ছাপার অনুরোধ করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, শিশুটির বাবা অপহরণ চেষ্টার অভিযোগে মামলা করতে চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু ঘটনার মূল সূত্রপাত কাশিয়াডাঙ্গা এলাকায়, তাই মামলাটি সেখানেই দায়ের হতে পারে। আপাতত চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
Comments
Comments