[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে ফুল দিতে এসে আটক ৩

প্রকাশঃ
অ+ অ-
সাভারে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়ার সময় রকিবুল ইসলাম নামের একজনকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে | ছবি: পদ্মা ট্রিবিউন  

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সময়ে নির্দিষ্ট কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেওয়ার সময় পুলিশ দুই নারীসহ তিনজনকে আটক করেছে। তাদের আটক করা হয় বেলা সাড়ে ১১টা এবং ২টার দিকে।

আটকরা হলেন রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা তাহমিনা আক্তার (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মিষ্টি সুভাষ (২৮) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রকিবুল ইসলাম ওরফে দুর্জয় (৩২)।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনা আক্তারকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে তিন সন্তানও ছিল। এছাড়া বেলা ২টার দিকে স্মৃতিসৌধের বেদির সামনে থেকে রকিবুল ইসলামকে এবং ফোয়ারার সামনে থেকে মিষ্টি সুভাষকে আটক করা হয়।

আটকের পর তাহমিনা আক্তার জানান, আগে তিনি সরকারি কর্মচারী হাসপাতালে চাকরি করতেন, বর্তমানে কোনো কাজ করছেন না। ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থানের পর থেকে একজন তৃণমূল কর্মী হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছেন।

তিনি বলেন, সকালেই তিনি তিন সন্তানকে নিয়ে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়ার সময় পুলিশ তাঁকে আটক করে। তিনি জানিয়েছেন, সন্তানদের সঙ্গে আসা সম্পূর্ণ নিজের ইচ্ছায়।

মিষ্টি সুভাষ সাংবাদিকদের বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে এসেছি। ব্যানারটা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ছিল। জননেত্রী শেখ হাসিনা কি বাংলাদেশের জন্য কিছু করেননি? আমরা তিনজন এখানে এসেছি। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ।’

রকিবুল ইসলাম বলেন, ‘আমরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নই। আমরা নেত্রী ও বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধুর ভালোবাসার কারণেই আজ এখানে এসেছি। আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে ২৬ মার্চ এখানে ফুল দিতে এসেছি।’

এদিকে বিকেল পৌনে চারটার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে এ–৪ সাইজের কাগজে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পক্ষ থেকে ‘সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা’ লেখা রেখে ফুল দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে আশুলিয়া থানায় হেফাজতে আছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন