বিএনপির শুভবুদ্ধির উদয় হবে বলে আশা মামুনুল হকের
![]() |
| ‘গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এক আলোচনায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ৭ মার্চ | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। তিনি বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ব্যাপারে কোনো ছাড় বা আপস করা হবে না।
শনিবার ‘গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এই সভার আয়োজন করে জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটি।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, গণভোটে প্রায় ৬৭-৬৮ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়েছে। আর সংসদ নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে বিএনপির ধানের শীষের পক্ষে। জনগণ যদি সার্বভৌম ক্ষমতার মালিক হয় এবং জনগণের ইচ্ছাই যদি সিদ্ধান্তের মূল ভিত্তি হয়, তবে ৫০ শতাংশ ভোট পেয়ে কীভাবে তারা ৬৭ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করার সাহস দেখায়? এটি জনগণের সঙ্গে স্পষ্ট বিশ্বাসঘাতকতা।
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করার চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে খেলাফত মজলিসের আমির বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, বিএনপি জনগণকে আবার ভয় দেখানোর (হাইকোর্ট দেখানো) এক বিপজ্জনক পথ বেছে নিয়েছে। শেখ হাসিনাও বারবার জনগণকে ভয় দেখাতেন, কিন্তু জনগণ তাঁকে রাজপথ দেখিয়ে দিয়েছে।’
তিনি আরও বলেন, বিএনপির অন্যতম আত্মঘাতী প্রবণতা হলো—১৯৯১ ও ২০০১ সালের মতো আওয়ামী লীগ যেসব অপকর্ম করে যায়, বিএনপি এসে সেগুলোই অনুসরণ করতে শুরু করে। মামুনুল হক সতর্ক করে বলেন, ‘মনে হচ্ছে তারেক রহমান সাহেব শেখ হাসিনার দেখানো পথে হাঁটছেন। এই বিপজ্জনক পথে পা বাড়ালে শেখ হাসিনার মতো তাঁকেও একই পরিণতি ভোগ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলন জাতীয় কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। অন্যদের মধ্যে লিবারেল পার্টির সভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি মো. গোলাম রহমান ভূঁইয়া এবং কমিটির যুগ্ম সদস্যসচিব আরিফুল হক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব আহমেদ করিম।

Comments
Comments