ঈদে ছুটি বেড়ে হলো সাত দিন, ১৮ মার্চও সরকারি ছুটি ঘোষণা
![]() |
| প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানে ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগে ঘোষিত ছুটির সঙ্গে ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হলে তা অনুমোদন দেওয়া হয়। ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। এর ফলে এবার কার্যত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন ছুটি থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারিত ছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ সরকারের বিশেষ আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।
এখন ১৮ মার্চ নতুন করে ছুটি ঘোষণা করায় ঈদের আগে টানা চার দিন ছুটি থাকছে। কারণ এর আগের দিন অর্থাৎ ১৭ মার্চ শবে কদরের ছুটি। সব মিলিয়ে ঈদের দিন এবং পরের দুই দিনসহ এবার ঈদের মোট ছুটি দাঁড়ালো সাত দিন।
মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৮ মার্চ ছুটির এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments
Comments