কারাগার থেকে বের হতেই জেলগেটে আটক লালমনিরহাটের সেই চেয়ারম্যান
![]() |
| মদাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমকে বিপ্লব জেলগেট থেকে আটক করছে পুলিশ | ছবি: পদ্মা ট্রিবিউন |
লালমনিরহাটের কালীগঞ্জের মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বিপ্লব মঙ্গলবার জেলগেট থেকে পুলিশ আটক করেছে। পরে তাঁকে আদিতমারীর বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ৩ মার্চ দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সম্প্রতি ভিজিএফ কার্ডের বরাদ্দ নিয়ে মদাতি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঙ্গে উপজেলা বিএনপির দুই নেতার ফোনে কথোপকথনের দুটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে শোনা যায়, বিএনপির নেতারা লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের জন্য ভিজিএফ কার্ডের ৩০ শতাংশ বরাদ্দ নিয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলছেন। এ নিয়ে ১৫ মার্চ অনলাইন সংস্করণে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে বিএনপির ওই দুই নেতা দাবি করেন, ফাঁস হওয়া অডিও ক্লিপ তাঁদের নয়।
কথোপকথন ফাঁস হওয়ার পর ওই ইউপি চেয়ারম্যানকে ২০২৫ সালের ১২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়। তাঁর স্ত্রী অভিযোগ করেন, ভিজিএফ কার্ডের ৩০ শতাংশ বরাদ্দ নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে ফোনে কথার জেরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে ওই মামলায় লালমনিরহাট জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর, জেলগেটের বাইরে ডিবি পুলিশের সদস্যরা আবার তাঁকে আটক করে।
এর আগে সোমবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী কালীগঞ্জের ওই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাহাঙ্গীর আলমকে জামিন দেন।
জাহাঙ্গীর আলমের ছোট ভাই, আইনজীবী হুমায়ুন কবির বলেন, সোমবার বিকেলে লালমনিরহাট জেলা কারাগার থেকে বড় ভাইয়ের জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে জামিনের কাগজ কারা কর্তৃপক্ষের কাছে দেরিতে পৌঁছানোর কারণে সেদিন তিনি ছাড়া পাননি। মঙ্গলবার সকালে জামিনে মুক্তি পেলেও জেলগেটের সামনে থাকা ডিবি পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। পরে তাঁরা জানতে পারেন, আদিতমারীর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২০২৫ সালের ৩ মার্চ দায়ের করা একটি মামলায় তাঁকে আটক দেখানো হয়েছে। এ মামলায় তিনি এজাহারনামীয় আসামি নন। মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
লালমনিরহাটের ডিবি পুলিশের ওসি সাদ আহমেদ জানান, আদিতমারী থানার পুলিশের রিকুইজিশন মোতাবেক ইউপি চেয়ারম্যানকে জেলগেট থেকে আটক করা হয়েছে।

Comments
Comments