বাঁশখালীতে চুরির অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে হেনস্তা, ভিডিও ভাইরাল
![]() |
| দোকানে চুরির অভিযোগে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এক নারীকে। গতকাল বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর গুনাগরী এলাকায় | ছবি: ভিডিও থেকে নেওয়া |
বাঁশের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে দুই হাত বেঁধে রাখা হয়েছে এক নারীকে। তাঁকে ঘিরে ধরে কয়েকজন ভিডিও করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকায় এই ঘটনা ঘটে। চুরির অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই নারীকে খুঁটিতে বেঁধে হেনস্তা করেন।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, গুনাগরী মা ও শিশু হাসপাতালের সামনের একটি দোকানে চুরির অভিযোগে ওই নারীকে আটক করা হয়। এরপর খুঁটিতে বেঁধে তাঁকে জেরা করা হয়। এ সময় অনেক মানুষ সেখানে জড়ো হয়ে ঘটনার ভিডিও ধারণ করেন। প্রায় আধা ঘণ্টা বেঁধে রাখার পর ওই নারীকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এর আগেও ওই নারীর বিরুদ্ধে এলাকায় চুরির অভিযোগ ছিল।
এদিকে ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে অনেকেই এর তীব্র সমালোচনা করেছেন। তাঁদের মতে, চুরির অভিযোগ থাকলে তাঁকে আইনের হাতে তুলে না দিয়ে এভাবে জনসমক্ষে হেনস্তা করা অন্যায়।
ঘটনাস্থলের কাছেই অবস্থিত বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্র। এ বিষয়ে জানতে চাইলে তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী জানান, চুরির অপবাদ দিয়ে ভিডিও ধারণ বা হেনস্তার কোনো অভিযোগ তাঁরা এখনো পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments
Comments