[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটির কঠোর নির্দেশনা

প্রকাশঃ
অ+ অ-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব নির্দেশনার মধ্যে কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে ৩০ শতাংশ এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত গাড়িতে ২০ শতাংশ জ্বালানি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে চলমান সংকটের মুখে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসসিসির প্রশাসক আবদুস সালামের নির্দেশে খরচ কমাতে ও সম্পদের অপচয় রোধে এই আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে গাড়ির ব্যবহার সীমিত করার পাশাপাশি জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমানো হয়েছে। একই সঙ্গে শহরের বর্জ্য অপসারণে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রেও জ্বালানি বরাদ্দ ২০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নেওয়া নির্দেশনার মধ্যে রয়েছে—দিনের বেলা পর্যাপ্ত আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার না করা, জানালা-দরজা খুলে প্রাকৃতিক আলোর ব্যবহার নিশ্চিত করা এবং অফিসে বৈদ্যুতিক বাতির অর্ধেক ব্যবহার নিশ্চিত করা। এ ছাড়া অপ্রয়োজনীয় সব বাতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস চলাকালীন ফ্যান, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম প্রয়োজন ছাড়া চালানো যাবে না। এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, অফিসকক্ষ ছাড়ার সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ করতে হবে। করিডর, সিঁড়ি ও শৌচাগারে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না। কাজ শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসসিসির সব বিভাগ ও আঞ্চলিক কার্যালয়কে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থার সচিব মোহাম্মদ নাছিম আহমেদের সই করা এই অফিস আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন