কারওয়ান বাজারে কিশোরের হাতে কিশোর খুন
| ছুরিকাঘাত | প্রতীকী ছবি |
রাজধানীর কারওয়ান বাজারে মাদক সেবন নিয়ে বিরোধের জেরে এক কিশোরের হাতে আরেক কিশোর খুন হয়েছে। শুক্রবার রাতে সোনারগাঁও মোড়ে এই ঘটনা ঘটে।
ঘটনার পর হামলাকারী কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করেছেন পথচারীরা। নিহত ময়জুল (১৬) কারওয়ান বাজার এলাকায় থাকত এবং পুরনো কাগজ কুড়িয়ে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করত।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ফজলুল করিম জানান, রাত সাড়ে আটটার দিকে ভাঙা কাচ দিয়ে ময়জুলের ঘাড়ের পেছনে আঘাত করা হয়। এতে ময়জুল রাস্তায় লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফজলুল করিম আরও জানান, ময়জুলের ওপর হামলার ঘটনায় এক কিশোরকে ধরে তেজগাঁও থানায় সোপর্দ করেছেন পথচারীরা। ওই কিশোরের মা-বাবা বা স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
ময়জুলকে হাসপাতালে নিয়ে যাওয়া পথশিশু মরিয়ম বেগম জানায়, নিহত কিশোরের মা-বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করা হবে।
Comments
Comments