খুলনায় পরিবারের ৪ সদস্যকে ঘরে ঢুকে গুলি করল দুর্বৃত্তরা
| গুলি | প্রতীকী ছবি |
খুলনার বটিয়াঘাটা উপজেলার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় একই পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন কাজী আনিসুর রহমান, তাঁর স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইছুল ইসলাম এবং ছোট ছেলে রাশিদুল ইসলামের স্ত্রী ফাহিমা। রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুরের ছোট ছেলে রাশিদুল প্রায় তিন বছর আগে একটি মামলায় কারাগারে যান। সেখানে তাঁর সঙ্গে ইমরান নামের এক ব্যক্তির পরিচয় হয়। পরে সেই সূত্রে রাশিদুলের সঙ্গে ইমরানের পরিবারের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রাশিদুল ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে সম্পর্ক তৈরি করেন। ছয় মাস আগে ইমরান আবার কারাগারে গেলে রাশিদুল ফাহিমাকে বিয়ে করেন। এর ফলে ক্ষুব্ধ ইমরান প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে পরিবারের সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ ফাহিমা বলেন, সাত–আট মাস আগে সাবেক স্বামী ইমরানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি পুনরায় বিয়ে করেন। ভোরে সাবেক স্বামী ইমরান লোকজন নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় তাদের ওপর গুলি চালান।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ে গুলি লেগেছে। শরীর থেকে গুলি সরানো সম্ভব না হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় ছয়জন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Comments
Comments