[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ইউএনওর বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, অনুষ্ঠান বর্জন করে প্রতিবাদ

প্রকাশঃ
অ+ অ-
খাদিজা আক্তার | ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমানের নাম না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে অনুষ্ঠান বর্জন করে বিএনপি। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এদিকে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের বদলির খবর ছড়িয়ে পড়ে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বদলির প্রজ্ঞাপনটি ঘটনার আগের দিন ২৫ মার্চই স্বাক্ষরিত হয়েছিল।

বিএনপির স্থানীয় নেতারা জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার তাঁর বক্তব্যে স্বাধীনতার ঘোষক ও বীর উত্তম শহীদ জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ করেননি। এর প্রতিবাদে তাঁরা অনুষ্ঠান বর্জন করে প্রতিবাদ জানান। বিকেলে বিএনপি নেতারা এ ঘটনার প্রতিবাদে ঝাড়ুমিছিল কর্মসূচি ঘোষণা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির খবর পেয়ে ঝাড়ুমিছিল কর্মসূচি থেকে সরে আসেন। তবে উপজেলা ও পৌর বিএনপি প্রতিবাদ সমাবেশ করে।

ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান প্রমুখ।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করি। সরকার ও আইন যেভাবে নির্দেশ দেয়, সেভাবেই আমরা দায়িত্ব পালনের চেষ্টা করি।’ স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে অন্য একজনের নাম রয়েছে, সেটি আগে পরিবর্তন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি যখন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে, তখন খবর আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারী উপজেলায় বদলি করা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আমিরুল আরাফাত স্বাক্ষরিত একই প্রজ্ঞাপনে চিতলমারীতে কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মহেশপুরে দায়িত্ব দিয়ে এই বদলির আদেশ দেওয়া হয়। আদেশটি ২৫ মার্চ স্বাক্ষরিত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন