[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কুড়িগ্রামে ব্যবসায়ীদের গুদামে সরকারি চাল, গভীর রাতে পুলিশের অভিযান

প্রকাশঃ
অ+ অ-
একটি গুদামে জব্দ করা সরকারি চাল। বৃহস্পতিবার গভীর রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার এলাকায় | ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে ব্যবসায়ীদের তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ভূরুঙ্গামারী উপজেলার কাশিমবাজার এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত ৩০ কেজির বস্তাসহ সাধারণ বস্তায় রাখা আনুমানিক ৭০০ থেকে ৮০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। মোট ওজন প্রায় ২০ টন হতে পারে। জব্দকৃত চালগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ অভিযান পরিচালনা করে বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার এলাকার ব্যবসায়ী ছমের আলী, রবিউল ইসলাম ও সোনাউল্লা মিয়ার গুদাম থেকে চালগুলো জব্দ করে। তবে অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

স্থানীয়রা অভিযোগ করেছেন, উদ্ধারকৃত চাল ভিজিএফ কর্মসূচির জন্য বরাদ্দ ছিল। ইউনিয়ন পরিষদের কিছু অসাধু জনপ্রতিনিধি গোপনে এসব চাল পাইকারদের কাছে বিক্রি করেছেন। পরে সেগুলো পরিষদের গুদাম থেকে সরিয়ে ব্যবসায়ীদের গুদামে মজুত করা হয়। ফলে প্রকৃত উপকারভোগী দরিদ্র মানুষ বঞ্চিত হয়েছেন।

তবে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের ইউনিয়নে বরাদ্দ পাওয়া ৬৪ টন ৫৩০ কেজি ভিজিএফের চাল শতভাগ বিতরণ করা হয়েছে। উদ্ধারকৃত চালের উৎস সম্পর্কে আমার জানা নেই।’

ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন বলেন, ‘জব্দ করা চাল সরকারি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানিয়েছেন, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিন কাজ করছে। গুদাম থেকে জব্দ করা চালের সঠিক পরিমাণ নিরূপণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন