পাবনা প্রেসক্লাবে রাষ্ট্রপতির প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ
![]() |
| সাংবাদিকদের সঙ্গে আনন্দ আড্ডায় মেতে ওঠেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে প্রেসক্লাবে | ছবি: পদ্মা ট্রিবিউন |
নিজের জেলা পাবনায় চার দিনের সরকারি সফরের দ্বিতীয় দিন রোববার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক আড্ডায় যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সন্ধ্যা সাতটার কিছু সময় পর তিনি প্রেসক্লাবে পৌঁছান। সেখানে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ক্লাবের আজীবন সদস্য ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
এরপর ক্লাবের অতিথি কক্ষে রাষ্ট্রপতি তাঁর পুরনো বন্ধু ও সহকর্মী সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। এ সময় তিনি পাবনায় মহান মুক্তিযুদ্ধে তাঁর অংশগ্রহণ, সাংবাদিকতা জীবন এবং শৈশব নিয়ে নানা স্মৃতি তুলে ধরেন। হাসি ও আনন্দের মধ্য দিয়ে প্রিয়জনদের সঙ্গে সময় কাটান তিনি। রাষ্ট্রপতি জানান, এমন প্রাণবন্ত আড্ডা তিনি খুব অনুভব করেন। আড্ডার ফাঁকে তিনি সাংবাদিকদের সঙ্গে তাঁর প্রিয় খাবার চিড়া ভাজা, সিঙ্গারা ও আলুর চপ খান।
অনুষ্ঠানে স্মৃতি চারণ করে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মাহবুব এলাহী বিশু, বীর মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান এবং সাংবাদিক নরেশ মধুসহ আরও অনেকে।
এর আগে রোববার সকালে রাষ্ট্রপতি আরিফপুর সদর কবরস্থানে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজের বাসায় যাবেন তিনি। আগামীকাল মঙ্গলবার পাবনা সার্কিট হাউজে সালাম গ্রহণ শেষে হেলিকপ্টারে করে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।
শনিবার দুপুরে হেলিকপ্টারে পাবনায় পৌঁছান তিনি। নতুন সরকার গঠনের পর নিজের জেলায় এটিই রাষ্ট্রপতির প্রথম সফর।

Comments
Comments