ময়মনসিংহে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
| শিশু ধর্ষণ | প্রতীকী ছবি |
ময়মনসিংহে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের এক শিশুকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ শনিবার রাতে অভিযুক্ত কাজল চক্রবর্তীকে (৬৫) গ্রেপ্তার করেছে। ১৮ দিন আগের ওই ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ জমা দেন। রবিবার সকালে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার কাজল চক্রবর্তীকে আদালতে পাঠানো হবে।
পুলিশ ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি বিকেলে কাজল চক্রবর্তী শিশুটিকে ফুসলিয়ে নিজের বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটি বাসায় ফিরে পরিবারকে সব জানালে তারা অভিযুক্তের পরিবারকে বিষয়টি জানান। তখন অভিযুক্তের পরিবার ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুর পরিবারকে ভয়ভীতি দেখায়। এর মধ্যে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শনিবার রাত ৯টার দিকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবা জানান, ‘কাজল চক্রবর্তীকে আমার মেয়ে দাদা বলে ডাকে। আমাদের বাসায় তার নিয়মিত যাতায়াত ছিল। মাঝেমধ্যেই তিনি আমার মেয়েকে নিজের বাসায় ডেকে নিতেন। কিন্তু তিনি এমন কাজ করবেন, তা আমরা কল্পনাও করতে পারিনি। আমার মেয়ে এখন হাসপাতালে। আমি এই অপরাধের সঠিক বিচার চাই।’
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন জানান, শিশুটিকে ধর্ষণের খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাঈনউদ্দিন খান জানান, শনিবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসা নিচ্ছে। তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে সকালে মামলা নেওয়া হয়েছে। এতে একজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে দুপুরে আদালতে পাঠানো হবে।
Comments
Comments