ঝোড়ো হাওয়ায় পদ্মা নদীতে ডুবেছে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার
![]() |
| শরীয়তপুরে নড়িয়ায় ঝোড়ো হাওয়ায় পদ্মা নদীতে তিনটি সিমেন্টবোঝাই ট্রলার ডুবে গেছে। শুক্রবার দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় | ছবি : ভিডিও থেকে নেওয়া |
শরীয়তপুরের নড়িয়ার পদ্মা নদীতে ঝড়ের কারণে সিমেন্ট বোঝাই তিনটি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে অন্তত ছয় হাজার বস্তা সিমেন্ট ছিল বলে জানিয়েছেন শ্রমিকেরা। শুক্রবার দুপুরে নড়িয়া উপজেলার বাঁশতলা এলাকায় এসব ট্রলার ডুবির ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হননি।
একই সময়ে পদ্মা নদীর বিভিন্ন নৌপথে চলাচল করা অন্তত আটটি যাত্রীবাহী ট্রলারও ঝড়ের কবলে পড়েছিল। তবে যাত্রীদের নিরাপদে তীরে নামিয়ে দেওয়া হয়। এসব ঘটনা ঘটেছে শরীয়তপুর–চাঁদপুর নৌপথ, কাচিকাটা–চরভাগা নৌপথ এবং নড়িয়া চরআত্রা–নওপাড়া নৌপথে।
নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে থাকে। তখন নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে যাত্রী ও পণ্যবাহী নৌযান চলছিল। ওই সময় ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর দিকে যাচ্ছিল। নড়িয়ায় পৌঁছালে বৈরী আবহাওয়ার কারণে ট্রলারগুলো পড়ে যায়। ঢেউয়ের ধাক্কায় একে একে তিনটি ট্রলার ডুবে যায়। তবে ট্রলারে থাকা চালক ও শ্রমিকেরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
দেলোয়ার হোসেন নামের এক ট্রলারের চালক বলেন, ‘প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে আমাদের তিনটি ট্রলার নদীতে তলিয়ে গেছে। ট্রলারগুলোতে সাড়ে ছয় হাজার বস্তা সিমেন্ট ছিল। জীবন বাঁচাতে আমরা ট্রলার থেকে লাফিয়ে নদীতে নামি। তখন স্থানীয়রা আমাদের উদ্ধার করেন।’
সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল জলিল বলেন, ‘ঝড়ের কারণে তিনটি ট্রলার ডুবির খবর পেয়েছি। চালকেরা সাঁতরে তীরে উঠায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া নড়িয়া ও ভেদরগঞ্জের পদ্মা নদীর বিভিন্ন নৌপথে ৭-৮টি যাত্রীবাহী ট্রলারও ঝড়ের কবলে পড়েছিল। চালকেরা সেগুলো নিরাপদে তীরে নিয়ে গেছেন।’

Comments
Comments