ঈশ্বরদীতে গৃহবধূর ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগ, প্রতিবাদ করায় দম্পতিকে মারধর
| প্রতীকী ছবি |
পাবনার ঈশ্বরদীতে এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে ধারণ করে তাঁকে ভয়ভীতি দেখানো ও টাকা আদায়ের অভিযোগ উঠেছে নয়ন মন্ডল (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘ সময় ধরে ওই নারীকে জিম্মি করে টাকা আদায় করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে ওই নারী ও তাঁর স্বামী মারধরের শিকার হয়েছেন।
ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে পুলিশ তৎপর হয়। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিকামারী মাথালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রতিবেশী ওই গৃহবধূ গোসল করার সময় পাশের একটি লিচু গাছে উঠে গোপনে তাঁর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন নয়ন। এরপর থেকে তিনি ওই গৃহবধূকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পাশাপাশি ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফায় তাঁর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। লোকলজ্জার ভয়ে এতদিন বিষয়টি প্রকাশ করেননি ওই নারী।
পরিবারের ভাষ্য, মঙ্গলবার বিকেলে ওই গৃহবধূ আবার গোসল করতে গেলে নয়ন একইভাবে লিচু গাছে উঠে ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে গেলে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে ওই নারী ও তাঁর স্বামী নয়নের বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রতিবাদ জানালে নয়ন ও তাঁর ভাই হৃদয় মন্ডল (২৫) তাঁদের মারধর করেন। এতে ওই দম্পতি আহত হন। এ সময় নয়নও মাথায় আঘাত পান বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নয়ন মন্ডল বলেন, বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা চলছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় কিছু রাজনৈতিক ব্যক্তির চাপ রয়েছে এবং ঘটনাটি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুজ্জামান বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নেওয়া হবে এবং জড়িতদের গ্রেপ্তার করা হবে।
Comments
Comments