নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মানহানির মামলা, সমন জারি
![]() |
| মির্জা আব্বাস (বাঁয়ে) ও নাসীরুদ্দীন পাটওয়ারী (ডানে) | ফাইল ছবি |
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
আজ রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ছিলেন মির্জা আব্বাস এবং এনসিপির প্রার্থী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী বিপুল ভোটে হেরে যাওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, নির্বাচনে পরাজিত হওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে বিভিন্ন মিথ্যা বক্তব্য ও হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ ৫ মার্চ তাঁর দেওয়া মানহানিকর বক্তব্য কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হতে দেখেন বাদী। এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় আরও বলা হয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক জীবনে কালিমা লেপনের চেষ্টা করছেন। মানহানিকর বক্তব্য প্রকাশের মাধ্যমে তিনি শিষ্টাচার লঙ্ঘন করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট।

Comments
Comments