সিলেটে ছাত্রীকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা, ভিডিও ঘিরে চাঞ্চল্য
![]() |
| সিলেটের সাগরদিঘীর পাড় এলাকায় ছিনতাই–চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে | ছবি: ভিডিও থেকে সংগৃহীত |
সিলেট নগরে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই আবারও ছিনতাইয়ের চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার ছড়িয়ে পড়া এই ভিডিওটি ঘিরে নগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি। ভিডিওতেও দুর্বৃত্তদের কিছু ছিনিয়ে নিতে দেখা যায়নি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরিবিলি একটি সড়ক দিয়ে এক নারী হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাঁর পথ রোধ করেন। তাঁদের একজনের হাতে ছিল ধারালো অস্ত্র, যা দিয়ে ওই নারীকে ভয় দেখানো হয়। অন্যজন তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় বাধা দিলে অস্ত্রধারী ব্যক্তি অস্ত্রের উল্টো দিক দিয়ে ওই নারীকে কয়েকবার আঘাত করেন। একপর্যায়ে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত এলাকা ত্যাগ করেন। তবে ভিডিওতে ওই নারীর কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে দেখা যায়নি এবং তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরটিও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিওটি সিলেট নগরের সাগরদিঘীর পাড় এলাকার। ভুক্তভোগী নারী সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সকাল সাড়ে আটটার দিকে বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বের হলে পথে এই ঘটনার শিকার হন তিনি। তবে পরিবারের সদস্যরা এই ঘটনায় লিখিত অভিযোগ করতে রাজি হননি।
সিলেটের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কোনো কিছু খোয়া না যাওয়ায় ওই নারী ও তাঁর পরিবার অভিযোগ করতে চাননি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিলেটের হাউজিং এস্টেট এলাকায় অটোরিকশা থামিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনায় তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী অংশ নিয়েছিলেন।

Comments
Comments