[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এমপি তালেবকে অবাঞ্ছিত ঘোষণা করলেন মুক্তিযোদ্ধারা

প্রকাশঃ
অ+ অ-
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সদরুল হক সুধা | ছবি: পদ্মা ট্রিবিউন  

মহান স্বাধীনতা দিবসে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনায় তাকে ঈশ্বরদীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী পাকশী বিভাগীয় রেলওয়ে আয়োজিত ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। পাকশী ডিআরএম চত্বরে অনুষ্ঠিত ওই সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষে এ ঘোষণা দেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সদরুল হক সুধা।

সদরুল হক সুধা তাঁর বক্তব্যে বলেন, "যারা দীর্ঘ ৫৪ বছর জামায়াতে ইসলামী হিসেবে শহীদ মিনারে আসেনি এবং বাংলাদেশকে স্বীকার করেনি, আজ হঠাৎ তাদের শহীদ মিনারে আসার উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে। স্বাধীনতার এতদিন পর তাদের এই কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করছি।"

জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী শহরের আলহাজ মোড় বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পরই স্থানীয় মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল রুম্পা এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজওয়ান উর রহমান।

এছাড়াও রেলওয়ে নাজিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, পাকশী রেলওয়ে শ্রমিকদলের সভাপতি সোহেল রানা, সম্পাদক খন্দকার সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক সুমন আলীসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাবনা-৪ আসন
Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন