ভোট দিতে নাতির কাঁধে চড়ে এলেন তৈয়বজান
![]() |
| দুই নাতির কাঁধে চড়ে ভোট দিতে এসেছেন তৈয়বজান। ময়মনসিংহ-১ আসনে ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। আজ বৃহস্পতিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন |
হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-১ আসন। হালুয়াঘাট উপজেলার ৯ নম্বর ইউনিয়নের নাম ধারা ইউনিয়ন। ধারা বাজারসংলগ্ন ধারা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৯টার দিকে ভোট দিয়ে দুই নাতির কাঁধে চড়ে ফিরছিলেন তৈয়বজান।
নিজে চলাফেরা করতে পারেন না বলে জানান তৈয়বজান। তিনি বলেন, নিজ হাতে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং ভোট দিতে পেরে তাঁর ভালো লেগেছে।
এই কেন্দ্রেই একই ইউনিয়নের পূর্বধারা গ্রামের আকিবুল ইসলাম জানান, তিনিও নিজের পছন্দের প্রার্থীকে নিজের মতো করে ভোট দিতে পেরেছেন। তিনি ১৬–১৭ বছর পর ভোট দিয়েছেন।
কেন্দ্রের নিচতলায় নারীদের জন্য এবং দোতলায় পুরুষ ভোটারদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। দোতলা থেকে দুই হাতে ক্রাচে ভর করে সিঁড়ি বেয়ে নামছিলেন তিনি।
ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৩০৫ জন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ মোজাহারুল হক জানান, এক ঘণ্টায় এখানে ২০০টি ভোট পড়েছে।
এই আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সালমান ওমর রুবেল। ধারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাঁর সঙ্গে কথা হয়। তিনি জানান, নির্বাচন সুষ্ঠুভাবেই হচ্ছে। ভোট দেওয়ার পরও কেউ কেউ কেন্দ্রে বেশি সময় অবস্থান করছেন—এমন কথা শুনে তিনি কেন্দ্রে এসেছিলেন।
তবে প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ মোজাহারুল হক বলেন, এ ধরনের অভিযোগের কোনো সত্যতা তিনি পাননি।
ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা সৈয়দ ইমরান সালে প্রিন্স মুঠোফোনে বলেন, ভোটার তালিকায় নাম আছে, অ্যাপেও নাম দেখা যাচ্ছে। কিন্তু কেন্দ্রে এসে ভোট দিতে গেলে বলা হচ্ছে, তালিকায় ভোটারের নাম নেই। এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটছে।

Comments
Comments