সকাল সকাল ভোট দিতে পেরে রাজশাহীর নারী ভোটাররা খুশি
![]() |
| ভোট দিতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত নারী ভোটাররা। আজ বৃহস্পতিবার রাজশাহীতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোর থেকেই ভোটের লাইনে নারীদের উপস্থিতি দেখা গেছে। ভোট দিতে পেরে তাঁরা উচ্ছ্বসিত। নগরের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ছয়টার পর থেকেই নারীদের দীর্ঘ লাইন দেখা গেছে।
প্রথম ভোটার হিসেবে ভোট দিতে এসেছেন টিয়ামণি। তিনি বলেন, ‘প্রথমবারের মতো ভোট দিচ্ছি। খুব আনন্দ লাগছে। আগে কখনো ভোট দিইনি। এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছি। যাকে যোগ্য মনে করি, তাঁকেই ভোট দেব।’
রাবেয়া বেগম ভোট দিয়ে বলেন, ‘অনেক বছর ভোট দিতে পারিনি। এবার দিতে পেরে খুব ভালো লাগছে। এবার দুটো ভোট দিয়েছি। খুব কম সময় লেগেছে।’
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। নারী ভোটাররা ভোরেই কেন্দ্রে পৌঁছেছেন। উৎসবমুখর পরিবেশে ভোট চলছে।’
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীসহ মোট ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩০৭ জন। মোট ভোটকেন্দ্র ১১৫টি।

Comments
Comments