এখন টিভির ৪ সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশে সুজনের উদ্বেগ
![]() |
| সুজন লোগো |
বেসরকারি টেলিভিশন চ্যানেল 'এখন টিভি'র চারজন সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার খবরে গভীর উদ্বেগ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে সুজন জানায়, ‘আমরা জানতে পেরেছি, সংস্কার ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনভাবে মত প্রকাশ করায় এখন টিভি চারজন সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং তাঁদের সাত দিনের জন্য কাজ থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে। এমনকি নিরাপত্তাকর্মীদের তাঁদের ছবি দেখিয়ে কার্যালয়ে প্রবেশ করতে বাধা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।’
কর্মরত কোনো সাংবাদিকের মত প্রকাশের স্বাধীনতার ওপর টেলিভিশন কর্তৃপক্ষ কোনো বিধিনিষেধ বা ‘সেন্সরশিপ’ আরোপ করতে পারে কি না, সেই প্রশ্ন তোলা হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়, ‘আমরা আরও জানতে পেরেছি যে কারণ দর্শানোর চিঠিতে তাঁদের ফেসবুক পোস্টের কথা উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে—পোস্ট মুছে ফেলুন, না হলে টেলিভিশন কর্তৃপক্ষ ও সাংবাদিকেরা সমস্যায় পড়বেন।’
এই বিষয়ে এখন টিভির মালিক ও সম্পাদকদের নেওয়া পদক্ষেপের ভিত্তি ও নীতিমালা স্পষ্ট করার অনুরোধ জানিয়েছে সুজন। দ্রুততম সময়ের মধ্যে বিষয়টির একটি যৌক্তিক সমাধান চেয়েছে সংগঠনটি। সেই সঙ্গে চার সাংবাদিকের কর্মস্থলে ফেরার পরিবেশ নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ চেয়েছে সুজন।

Comments
Comments