[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কেন্দ্র খুঁজে পেতেই ভোটার-এজেন্টদের গেল ১ ঘণ্টা

প্রকাশঃ
অ+ অ-
কেন্দ্র খুঁজতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে ভোটার সিরাজ মাঝিকে। বৃহস্পতিবার সকালে, চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমিতে | ছবি: পদ্মা ট্রিবিউন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ভোট গ্রহণের সময় নির্ধারিত ছিল সকাল সাড়ে সাতটা। কিন্তু ভোটার ও প্রার্থীর এজেন্টরা প্রথম এক ঘণ্টা কেটেছে কেন্দ্র খুঁজে বের করতে। এর ফলে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করা যায়নি এবং বিশৃঙ্খলা দেখা দেয়। চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের চারটি ভোটকেন্দ্রের পরিস্থিতি এমনই ছিল।

সকাল সাতটায় চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমি ভোটকেন্দ্রে আসেন ৭৫ বছর বয়সী সিকান্দার দেওয়ান। সারির একেবারে শুরুতে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাকে। সকাল ৭টা ৫২ মিনিটে যোগাযোগ করা হলে তিনি এখনও সারিতে দাঁড়িয়ে ছিলেন।

সকাল সাড়ে আটটায় সিরাজ মাঝি নামের একজন ভোটার জানান, “এক ঘণ্টা ধরে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ঘুরছি, আমাকে শুধু ঘোরানো হচ্ছে। কোন কেন্দ্রে ভোট দেব কেউ বলতে পারছে না।” সিরাজের মতো আরও কয়েকজন ভোটার একই অভিযোগ করেন।

স্থানীয় প্রশাসন ও প্রিসাইডিং কর্মকর্তারা জানান, এবার ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা এগিয়ে আনার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এছাড়া চারটি কেন্দ্র একই জায়গায় থাকায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে।

এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৩৮৬ জন। প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদ স্বীকার করেছেন, নির্ধারিত সময়মতো ভোট গ্রহণ শুরু করা যায়নি। অনেক প্রার্থীর এজেন্ট আসেননি এবং ভোটারের চাপও বেশি ছিল। ভোটকেন্দ্রে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুর–৩ আসনের ধানের শীষ প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, দীর্ঘ সময় পর মানুষ ভোট দিতে এসেছে। এ কারণে চাপ কিছুটা বেশি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, চারটি কেন্দ্র একই জায়গায় থাকায় সমস্যা হয়েছে। প্রার্থীর এজেন্টরা আসতেও দেরি করেছেন। পরে সমস্যা কাটিয়ে ভোট গ্রহণ চলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন