[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকায় থেকেও পুরস্কার পেলেন না মোহন রায়হান

প্রকাশঃ
অ+ অ-
ছবি: মোহন রায়হানের ফেসবুক থেকে নেওয়া

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েও শেষ পর্যন্ত পুরস্কার পাননি কবি মোহন রায়হান। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানিয়েছেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব বিষয় খতিয়ে দেখে আবারও পুরস্কার ঘোষণা করা হবে। আগের সরকারের সময় বাংলা একাডেমি তাঁকে এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিল। এখন আমরা বিষয়টি যাচাই করে দেখব এবং তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে মোহন রায়হানের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, সে বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি মন্ত্রী।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘মোহন রায়হানের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকায় তাঁকে আপাতত পুরস্কার দেওয়া হয়নি। আমরা অভিযোগগুলো যাচাই করে দেখছি। সেগুলো বিবেচনার পর অবশ্যই সিদ্ধান্ত জানানো হবে। এর জন্য কিছুটা অপেক্ষা করতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করে বাংলা একাডেমি, যেখানে কবিতায় মোহন রায়হানের নাম ছিল।

ফেসবুক পোস্টে মোহন রায়হান লিখেছেন, ‘আপনারা জানেন, ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে দেওয়ার কথা ছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি কারও কাছে পুরস্কারের জন্য সুপারিশ বা তদবির করিনি। পুরস্কার কমিটি নিজে থেকেই আমাকে নির্বাচিত করেছিল।’

৪১ বছর আগে লেখা কবিতার জন্য পুরস্কার বাতিল করা হয়েছে বলে দাবি করেন মোহন রায়হান। তিনি বলেন, ‘পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ (বিশেষ নিরাপত্তা বাহিনী) পুরস্কার নেওয়ার মহড়াও করিয়েছে। নিয়ম অনুযায়ী পুরস্কার নিতে এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার ‘তাহেরের স্বপ্ন’ কবিতার সূত্র ধরে একটি মহল প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

পুরস্কার ঘোষণা করে তা না দেওয়া কবিকে অসম্মান করা কি না—এমন প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘মনোনয়ন আমরা দিই না, এটি বাংলা একাডেমি দেয়। আমরা এখন শুধু অভিযোগগুলো খতিয়ে দেখছি। এটি একটি সাময়িক সমস্যা। দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।’

কবি মোহন রায়হান বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি। নাম ঘোষণার পরও তাঁকে পুরস্কার না দেওয়ার কারণ সম্পর্কে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ‘মোহন রায়হানের কবিতা ও লেখালেখি নিয়ে কিছু অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ সেগুলো খতিয়ে দেখার স্বার্থে সাময়িকভাবে পুরস্কার স্থগিত রেখেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে আমরা দ্রুতই বিষয়টি জানাব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন