৬ মাসের মধ্যে বুড়িমারী থেকে চলবে ‘বুড়িমারী এক্সপ্রেস’: ত্রাণমন্ত্রী
![]() |
| সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে | ছবি: পদ্মা ট্রিবিউন |
আগামী ছয় মাসের মধ্যে ঢাকাগামী আন্তনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’ বুড়িমারী থেকেই নিয়মিত চলাচল করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)। বর্তমানে ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত যাতায়াত করে এবং যাত্রীরা একটি শাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত চলাচল করেন।
রোববার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সভায় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আসাদুল হাবিব বলেন, জনগণের ভোগান্তি ও হয়রানি দূর করতে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। কৃষকদের সার ও বীজসহ অন্যান্য প্রণোদনা নিয়ে কোনো ধরনের ভোগান্তি করা যাবে না। তিনি বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন এবং লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করার পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
ত্রাণমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে নদীর বালু তোলা এবং সীমান্তে মাদক পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে হবে। কোনো রাজনৈতিক ব্যক্তি অপকর্মে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আর যদি কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকেন, তবে তাঁকে নিবৃত্ত করতে হবে। সভায় উপস্থিত কর্মকর্তারা তাঁদের নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড ও চলমান সমস্যাগুলো তুলে ধরেন।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন। সভায় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments
Comments