রাঙামাটির ৪৩ দুর্গম কেন্দ্রে থাকছে না সিসিটিভি
![]() |
| সিসিটিভি ক্যামারা লাগানোর পর পরীক্ষা করে দেখছেন ভোটগ্রহণ কর্মকর্তা শিক্ষক আলিম উল্যা। আজ দুপরে রাঙামাটি শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে | ছবি: পদ্মা ট্রিবিউন |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকছে না। পাহাড়ের দুর্গম ৪৩টি কেন্দ্রে এই সুবিধা যুক্ত করেনি নির্বাচন কমিশন। জেলার বাকি কেন্দ্রগুলোতেও সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ এখনো শেষ হয়নি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলায় মোট ২১৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১৭০টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকিগুলোতে সিসিটিভি থাকছে না। দুর্গম এলাকা এবং বিদ্যুৎ সুবিধা না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাঙামাটি পৌরসভার ছয়টি ভোটকেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর অস্থায়ী চৌকি তৈরি করা হচ্ছে। উপজেলার যেসব কেন্দ্রে সিসিটিভি দেওয়ার কথা, সেগুলোতে ক্যামেরা বসানোর কাজ চলছে। তবে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত সব কেন্দ্রে এই কাজ শেষ করা সম্ভব হয়নি।
শহরের ৮ নম্বর ওয়ার্ডের ওয়াপদা রেস্টহাউস ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনকারী প্রতিষ্ঠান ট্যাকভ্যালির মালিক মো. হালিম শেখের সঙ্গে কথা হয়। তিনি জানান, সদর উপজেলার ৩১টি ভোটকেন্দ্রে ১৬৮টি সিসিটিভি বসানোর দায়িত্ব পেয়েছেন তিনি। ২৭টি কেন্দ্রে ক্যামেরা বসানো শেষ হয়েছে, বাকি ৪টি কেন্দ্রে কাজ চলছে।
ওয়াপদা রেস্টহাউস ২ নম্বর ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ভোটকেন্দ্রে সিসিটিভি বসানোর কাজ চলমান রয়েছে। এই দুটি কেন্দ্রের একটি নারীদের জন্য এবং অন্যটি পুরুষদের জন্য।
রানী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের ১ নম্বর ভোটকেন্দ্রে পুরুষ ভোটার রয়েছেন ৩ হাজার ১৭৭ জন এবং ২ নম্বর ভোটকেন্দ্রে নারী ভোটার ২ হাজার ৯৫৭ জন।
১ নম্বর ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা শাক্য উজ্জ্বল চাকমা জানান, এখানে পাঁচটি ভোটকক্ষ রয়েছে। এর মধ্যে চারটি কক্ষে সিসিটিভি বসানো হয়েছে। এ ছাড়া বাইরে একটি এবং নিয়ন্ত্রণ কক্ষে একটি সিসিটিভি বসানো হয়েছে। একটি ভোটকক্ষে এখনো সিসিটিভি বসানো হয়নি। এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন বলেন, সদর উপজেলায় ৪১টি ভোটকেন্দ্রের মধ্যে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ৩১টি কেন্দ্রে সিসিটিভি বসানো হবে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ নেই, সেখানে সিসিটিভি বসানো সম্ভব নয়। ৮ জানুয়ারি থেকে কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী জানান, সব কেন্দ্রে সিসিটিভি বসানো সম্ভব হয়নি। তবে যেসব কেন্দ্রে সিসিটিভি নেই, সেখানে দায়িত্বরত বিজিবি ও পুলিশের কাছে বডি-ওর্ন ক্যামেরা (শরীরে বহনযোগ্য ক্যামেরা) থাকবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাঙামাটির ১০টি উপজেলার ২টি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ জন, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন এবং হিজড়া ভোটার ২ জন।

Comments
Comments