[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

কক্সবাজার উপকূলে জলদস্যুদের গুলিতে জেলের মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
শাহাদাত হোছাইন | ছবি: স্থানীয়ভাবে সংগৃহীত

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের কাছে জলদস্যুদের গুলিতে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার রাত আটটার দিকে এই ঘটনা ঘটে। নিহত জেলের নাম শাহাদাত হোছাইন (২৫)। তিনি কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনসুর আলী হাজি পাড়ার মৃত মো. বাদশার ছেলে।

কুতুবদিয়া ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, বুধবার বেলা তিনটার দিকে উপকূলের কাছে একটি মাছ ধরার নৌকা (ট্রলার) জলদস্যুদের কবলে পড়ে। ওই নৌকায় ১৯ জন জেলে ছিলেন। দস্যুরা নৌকার একজনকে গুলি করে ভেতরের বিভিন্ন সরঞ্জাম, মাছ ও জাল লুট করে নিয়ে যায়। এরপর যন্ত্র (ইঞ্জিন) বিকল করে দিয়ে নৌকাটি সাগরে ভাসিয়ে দেয়। সন্ধ্যায় জেলেদের আরেকটি নৌকা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাঁদের দেখতে পায় এবং উদ্ধার করে উপকূলে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক। তিনি বলেন, গুলিবিদ্ধ একজনসহ জলদস্যুদের কবলে পড়া ১৯ জনকে উপকূলে আনা হয়েছে। পরে গুলিবিদ্ধ শাহাদাত হোছাইনকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জলদস্যুদের কবলে পড়া নৌকাটির মালিক উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলী ঘাটের বাসিন্দা জসিম উদ্দিন। তিনি জানান, গত রোববার সকালে তাঁর মালিকানাধীন ‘এফবি আজুফা’ নামের নৌকায় করে ১৯ জন জেলে সাগরে মাছ ধরতে যান। এরপর বুধবার তাঁরা জলদস্যুদের হামলার শিকার হন।

কুতুবদিয়া উপজেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন বলেন, ‘গত দুই মাসে কুতুবদিয়ার ৫৫টি মাছ ধরার নৌকা জলদস্যুদের কবলে পড়েছে। দস্যুরা জেলেদের ধরা মাছ ও জাল লুট করে নিচ্ছে। দস্যুদের গুলি ও পিটুনিতে অন্তত ৯ জন জেলে আহত হয়েছেন। এ বিষয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানানো হয়েছে। জলদস্যুদের ভয়ে উপজেলার কয়েকশ নৌকার জেলেরা সাগরে নামতে সাহস পাচ্ছেন না।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন