[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

আবার গণভোটের ফল সংশোধন করল ইসি, কমল ১০ লাখের বেশি ভোট

প্রকাশঃ
অ+ অ-
গণভোট | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন

ফলাফল প্রকাশের ১৩ দিন পর গণভোটের ফলাফল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে ইসি গণভোটের ফলাফলের সংশোধিত সরকারি বিজ্ঞপ্তি (গেজেট) প্রকাশ করেছে। তাতে আগে ঘোষিত ফলাফলের চেয়ে মোট দেওয়া ভোট ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমে গেছে। সংশোধিত এই ফলাফলে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সংখ্যা কমলেও বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা।

২৫ ফেব্রুয়ারি এই সংশোধিত বিজ্ঞপ্তিতে সই করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি সারা দেশে গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন ১৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে বেসরকারিভাবে গণভোটেরও ফলাফল ঘোষণা করেছিলেন ইসি সচিব। একই দিন রাতে ফলাফলের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তবে ১৩ ফেব্রুয়ারি বিকেলে ইসি সচিব যে ফলাফল ঘোষণা করেছিলেন, রাতে প্রকাশিত বিজ্ঞপ্তির সঙ্গে তার অমিল ছিল।

১৩ ফেব্রুয়ারি বিকেলে ইসি সচিব বেসরকারি ফলাফল ঘোষণার সময় জানিয়েছিলেন, সারা দেশে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। এরপর ইসি আসনভিত্তিক গণভোটের ফলাফল প্রকাশ করলে সেখানে বেশ কিছু গরমিল নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর ওই রাতেই বেসরকারি ফলাফল সংশোধন করেছিল ইসি।

১৩ ফেব্রুয়ারি রাতে প্রকাশিত গণভোটের ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মোট ভোট পড়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। ভোট বাতিল হয়েছে ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। মোট বৈধ ভোট ছিল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। সেখানে ‘হ্যাঁ’ ভোট ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি এবং ‘না’ ভোট ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি।

বুধবার জারি করা সংশোধিত ফলাফলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভোটে মোট ভোট পড়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টি। বাতিল হওয়া ভোটের সংখ্যা ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১টি। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন