[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

তারাকান্দায় আওয়ামী লীগের পোড়া কার্যালয়ে নেতা-কর্মীদের স্লোগান

প্রকাশঃ
অ+ অ-
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দাঁড়িয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে | ছবি: পদ্মা ট্রিবিউন   

ময়মনসিংহের তারাকান্দায় পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা টাঙিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির কিছু নেতা-কর্মী। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ১০ জনের একটি দল তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় শহীদ মিনারের সামনে ভাঙাচোরা ওই কার্যালয়ে ঢোকেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর তাঁরা দ্রুত স্থান ত্যাগ করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের তিনতলা কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। দীর্ঘ দিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ভোরে সেই কার্যালয়ে ঢুকে কার্যক্রম চালুর ঘোষণা দেন কয়েকজন। তবে তাঁরা বেশিক্ষণ সেখানে অবস্থান না করে দ্রুত চলে যান।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ১০ জনের ওই দলটি আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে দেয়ালের এক পাশে দলীয় পতাকা, মাঝে জাতীয় পতাকা এবং অন্য পাশে ‘তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন। পরে আরেকটি জাতীয় পতাকা সামনে রেখে তাঁরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের উপজেলা যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরীকে সেখানে কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়গুলোতে নেতা-কর্মীরা যেন নিয়মিত যাতায়াত করেন। সেই অনুযায়ী আমাদের নেতা তফাজ্জল হোসেনের (রুনু) নির্দেশনায় আমরা এখানে এসেছি।’

এই বিষয়ে জানতে চাইলে তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাতার হোসেন তালুকদার জানান, তিনি এলাকায় গিয়ে বিস্তারিত জেনে এ বিষয়ে মন্তব্য করবেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘আমি নিশ্চিত করে বলছি, এই কার্যালয় চালু হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই। এটি যেভাবে ভাঙা আছে, সেভাবেই থাকবে। কিছু লোক এসে দাঁড়িয়ে স্লোগান দিয়ে চলে গেছে। প্রচলিত ধারায় তারা যা করার করেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন