বিভিন্ন দেশের নেতাদের অভিনন্দন পেলেন তারেক রহমান, প্রত্যাশা একসঙ্গে কাজ করার
| বিএনপির চেয়ারম্যান তারেক রহমান | ফাইল ছবি |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ। এসব দেশের পক্ষ থেকে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও শুক্রবার এক্সে এক পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
Congratulations to the Bangladesh Nationalist Party and its leader Tarique Rahman as well as the people of Bangladesh. The United States looks forward to working with the newly elected government to advance prosperity and the security of the region.
— Secretary Marco Rubio (@SecRubio) February 13, 2026
নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়ে ঢাকায় যুক্তরাজ্য–এর হাইকমিশনের এক বার্তায় বলা হয়, একটি নতুন অধ্যায়ে প্রবেশের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন। একসঙ্গে কাজ করার আগ্রহ জানিয়ে ওই বার্তায় বলা হয়, ‘আমাদের অভিন্ন অগ্রাধিকার: অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করার জন্য আমরা অপেক্ষায় আছি।’
ঢাকায় চীন–এর দূতাবাসও গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকে অভিনন্দন জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন লক্ষ করেছে যে বাংলাদেশে নির্বাচন স্থিতিশীল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধু ও প্রতিবেশী হিসেবে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিতে সমর্থন জানায়। সেই সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকে এগিয়ে নেওয়া, উচ্চমানের অঞ্চল ও পথের উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও গভীর করতে এবং চীন-বাংলাদেশ সামগ্রিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।
এই তিন দেশ ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানান।
মোদির ফোন
সকালে নিজের এক্স হ্যান্ডল ও ফেসবুক পেজে পোস্ট করা বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। পরে দুপুরে নরেন্দ্র মোদি ফোন করেন তারেক রহমানকে।
Delighted to speak with Mr. Tarique Rahman. I congratulated him on the remarkable victory in the Bangladesh elections.
— Narendra Modi (@narendramodi) February 13, 2026
I conveyed my best wishes and support in his endeavour to fulfil the aspirations of the people of Bangladesh.
As two close neighbours with deep-rooted…
পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমান–কে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বিবিসি–র খবরে জানানো হয়, আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে। পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ এ অঞ্চলজুড়ে আরও ‘ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পৃক্ততা’ গড়ে তুলতে সহায়ক হবে।
বার্তা সংস্থা রয়টার্স–এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে বিজয় নিশ্চিত করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘বাংলাদেশের সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় আমি তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।’
তিনি আরও লেখেন, ‘আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, যেন আমাদের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায়।’
Extended my heartfelt felicitations to my brother Mr. Tarique Rahman, Chairman of Bangladesh Nationalist Party (BNP) during our warm and cordial telephone call this evening, following his party’s historic and resounding victory in the general elections.
— Shehbaz Sharif (@CMShehbaz) February 13, 2026
Pakistan looks forward to…
ফোনালাপে শাহবাজ শরিফ সফলভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতির লালিত গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথাও স্মরণ করেন তিনি। উভয় দেশের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতিতে দুই দেশের নেতৃত্ব একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন শাহবাজ শরিফ।
সম্পর্কের নতুন গতি দিতে আগ্রহী মালয়েশিয়া
আনোয়ার ইব্রাহিম তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করা এক বার্তায় তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
PM Anwar congratulates BNP’s Tarique on Bangladesh election win https://t.co/jo0asV8O8y
— The Sun Malaysia (@theSundaily) February 13, 2026
আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–কে তাদের নিরঙ্কুশ বিজয়ের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাই। এটি গণতন্ত্রের এক বিজয়—অসাধারণ চ্যালেঞ্জিং সময় অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালট বাক্সে তাঁদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছেন।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘রূপান্তরের গুরুত্বপূর্ণ এই পর্বে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমার প্রিয় বন্ধু অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি উল্লেখ করেছেন, মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন গতি দিতে আগ্রহী। এছাড়া বলেন, ‘আমি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই।’
অংশীদারত্ব বিকাশের আশাবাদ মালদ্বীপের
মোহামেদ মুইজ্জু তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর উল্লেখযোগ্য বিজয়ের জন্য তারেক রহমান–কে অভিনন্দন। আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়া ও গভীরতর করতে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার প্রত্যাশা করছি।’
ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নেপাল
সুশীলা কারকি তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–কে অসাধারণ বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমান–কে অভিনন্দন জানাই। আমাদের প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা সুসংহত করতে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।’
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের প্রত্যাশা ভুটানের
শেরিং তোবগে তাঁর এক্স হ্যান্ডলারে লিখেছেন, ‘বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল–কে আন্তরিক অভিনন্দন। এই বিপুল জনসমর্থন আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। আমি ভুটান ও বাংলাদেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব আরও জোরদার করার প্রত্যাশা করি।’ তিনি আরও উল্লেখ করেন, আগামী বছরগুলোয় ভুটান ও বাংলাদেশের অংশীদারত্ব আরও বিকশিত হবে।
তারেক রহমানের প্রতি আস্থার প্রতীক
অনূঢ়া কুমারা দিশানায়েকে তাঁর এক্স হ্যান্ডলারে লিখেছেন, ‘গণতন্ত্রের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করার জন্য বাংলাদেশের জনগণের প্রতি শুভকামনা। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমান–কে অভিনন্দন। এই বিজয় তারেক রহমানের প্রতি আস্থার প্রতিফলন।’ তিনি ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক জোরদার করতে নিজের আগ্রহও প্রকাশ করেছেন।
Comments
Comments