ফরিদপুর শহরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর
![]() |
| ফরিদপুর শহরে ভাটিলক্ষ্মীপুর মহল্লার মালোপাড়া সর্বজনীন শ্রী শ্রী মা কালীমন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা | ছবি: পদ্মা ট্রিবিউন |
ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুর মালোপাড়া মহল্লায় একটি মন্দিরের পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার ভোরের মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। খবর পেয়ে সকালে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল মন্দির পরিদর্শন করেছে।
মন্দির কমিটির তথ্য অনুযায়ী, মালোপাড়া সর্বজনীন শ্রী শ্রী মা কালীমন্দিরে সাত দিন ধরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষ হয়ে রাত ১২টার দিকে স্থানীয়রা বাড়িতে ফিরলে রাতের কোনো এক সময়ে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনায় বাঁশের চটা দিয়ে ঘিরে রাখা সরস্বতী প্রতিমার হাত, গঙ্গা প্রতিমার মুখ ও পাশে থাকা দুটি প্রতিমার দুই হাত ভেঙে ফেলা হয়। এছাড়া মন্দির চত্বরে থাকা কর্কশিটে বানানো গৌর-নিতাই প্রতিমা ভেঙে পাঁচ টুকরা করা হয়।
মন্দিরের সভাপতি নিমাই চন্দ্র মালো বলেন, ‘আমরা এই মহল্লায় ৭০টি হিন্দু পরিবার বসবাস করি। গত বছরও একই দিনে আমাদের মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়েছিল। এবারও তাই হয়েছে। তবে গতবার সিসিটিভি থাকায় দুর্বৃত্তকে ধরা গিয়েছিল। এবার তিনটি ক্যামেরা থাকা সত্ত্বেও কারিগরি ত্রুটির কারণে তারা শনাক্ত হয়নি। আমরা এ ঘটনায় আতঙ্কিত। দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি করছি।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনে আমি নিজে পুলিশের টিম নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। মন্দির কমিটি ও আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি এবং সবকিছু ছবি তোলা হয়েছে। কারা ও কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’

Comments
Comments