নওগাঁয় হাসপাতালে জরুরি বিভাগের সামনে মিলল রাজস্ব কর্মকর্তার লাশ
![]() |
| জোনায়েদ হোসেন | ছবি: সংগৃহীত |
নওগাঁয় জোনায়েদ হোসেন (৩৭) নামের এক রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর পাঁচটার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে তাঁর লাশ ফেলে রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা।
জোনায়েদ হোসেন সহকারী রাজস্ব কর্মকর্তা পদে ঢাকা কাস্টম হাউসে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি এলাকায়। তাঁর স্ত্রী নাঈমা নার্গিস নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রভাষক। তাঁদের দুই বছর বয়সী একটি মেয়ে আছে।
নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে একটি পণ্যবাহী ছোট ট্রাকে (পিকআপ) করে জরুরি বিভাগের সামনে আসেন কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। জোনায়েদের নিথর দেহ সেখানে ফেলে তাঁরা দ্রুত সরে পড়েন। বিষয়টি জানাজানির পর তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার কবির হোসেন বলেন, ‘জরুরি বিভাগের এক ট্রলিচালক আমাকে খবর দিলে আমি তাঁর সহযোগিতায় অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।’
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জার গাফফার বলেন, বেওয়ারিশ অবস্থায় পাওয়া মরদেহটির বুক ও দুই পায়ের হাড়ের বিভিন্ন স্থান ভাঙা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করার জন্য নওগাঁর মহাদেবপুরে আসছিলেন জোনায়েদ। মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে নামেন। ওই সময় স্ত্রীর সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ধরছিলেন না। ভোরে কল ধরা হলে নওগাঁ সদর থানা-পুলিশের সঙ্গে তাঁর স্ত্রীর কথা হয় এবং তখন তিনি মৃত্যুর বিষয়টি জানতে পারেন।
এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল ইসলাম বলেন, ওই রাজস্ব কর্মকর্তা দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের কবলে পড়ে মারা গেছেন—সে বিষয়ে তদন্ত চলছে।

Comments
Comments