[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যুবকের হাত বিচ্ছিন্নের পরদিন গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-
আবুল বাশার ওরফে সুজন | ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় কুপিয়ে এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয় লোকজন। শুক্রবার সকাল ১০টার দিকে রায়হানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত আবুল বাশার ওরফে সুজন (৩৮) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়হানপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুজ্জামান সোহাগ।

নাম–পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় সূত্র জানায়, আবুল বাশারের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ ছিল। তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আবুল বাশার। তাই স্থানীয় বাসিন্দাদের কেউ তাঁর বিরুদ্ধে কথা বলত না।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রিয়াজ নামে এক যুবককে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে ফেলেন আবুল বাশার। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে তাঁকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন শুক্রবার সকালে আবুল বাশারের বাড়িতে হামলা ও লুটপাট চালান। খবর পেয়ে বাড়ি ফিরলে তাঁর ওপর হামলা চালায় জনতা। এতে সুজনের মাথা ও কানে মারাত্মক জখম হয়। ঘটনার পর আবুল বাশার প্রায় তিন ঘণ্টা বাড়ির উঠানেই পড়ে ছিলেন। এ সময় তাঁকে উদ্ধার বা সহযোগিতার জন্য কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নিয়ে যান তাঁর বোন ও পুলিশ। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

কাকচিড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ ছগির হোসেন বলেন, রিয়াজ নামে এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতেই গ্রামের মানুষ জোটবদ্ধ হয়ে আবুল বাশারের খোঁজ করতে থাকে। কিন্তু রাতে তাঁর দেখা পায়নি গ্রামবাসী। এ ঘটনা জানতে পেরে আবুল বাশার আরও উত্তেজিত হয়ে ওঠেন। পরে শুক্রবার ওই গ্রামবাসীর কয়েকজনের ওপর হামলা করতে গেলে গ্রামবাসীও দলবদ্ধ হয়ে পাল্টা হামলা চালিয়ে আবুল বাশারের ওপর হামলা করে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীলরতন সরকার বলেন, আবুল বাশার নামে ওই যুবককে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। তাঁর কপাল, কান ও ডান পায়ে মারাত্মক জখম ছিল। তাঁর দুই চোখ খুঁচিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) অশিত কুমার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল বাশারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন