চন্দনাইশে গরু লুটে বাধা দেওয়ায় গৃহকর্তাকে গুলি করে হত্যা
| গুলি | প্রতীকী ছবি |
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতের গুলিতে চন্দন দে (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় কাউন্সিলর মো. শাহেদ জানান, ভোরে একদল ডাকাত এলাকায় হানা দেয়। তারা স্থানীয় বাসিন্দাদের গোয়ালঘর থেকে গরু লুট করে নিয়ে যাচ্ছিল। চন্দন দের গোয়াল থেকে একটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি বাধা দিলে ডাকাতরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কাউন্সিলর মো. শাহেদ আরও জানান, চন্দন দের গোয়ালে তিনটি গরু ছিল, যার মধ্যে একটি ডাকাতরা নিয়ে গেছে। এছাড়া পাশের আরেকটি গোয়াল থেকে আরও দুটি গরু লুট করেছে ডাকাত দলটি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের প্রাথমিক তদন্ত প্রতিবেদন (সুরতহাল) তৈরি করা হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments
Comments