ট্রেনের এসির যন্ত্রাংশ চুরি: কোচ রেখেই পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রা
![]() |
| এসি বিকল থাকা ‘গ’ নম্বর কোচটি রেখেই বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঢাকা থেকে পঞ্চগড় আসা একটি ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগির কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এই চুরির ফলে ওই বগির এসি বিকল হয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত বগিটি ছাড়াই বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে পঞ্চগড় ছেড়ে গেছে ‘পঞ্চগড় এক্সপ্রেস’।
দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, যন্ত্রাংশ চুরি হওয়ায় এসি বিকল বগিটিকে ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। বগিটি মেরামত না হওয়া পর্যন্ত ১৩টির পরিবর্তে ১২টি বগি নিয়ে ট্রেনটি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলাচল করবে।
এর আগে গত বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা ‘দ্রুতযান এক্সপ্রেস’ বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পথেই কোনো এক সময় ট্রেনের এসি বগির ছাদের ওপর থেকে কনডেন্সার কয়েল চুরি হয়। রেলওয়ে বিভাগের কর্মীরা জানিয়েছেন, এর আগেও এমন চুরির ঘটনা ঘটেছে।
পঞ্চগড় রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ বিভাগের একজন কর্মী জানান, বেশিরভাগ সময় ঢাকা থেকে আসার পথেই এই চুরির ঘটনাগুলো ঘটে। চলন্ত ট্রেনে উঠে চোরেরা এসব যন্ত্রাংশ নিয়ে যাচ্ছে।
রেখে যাওয়া ওই বগিটিতে ৭৮টি আসন আছে। পঞ্চগড় থেকে এই বগির কোনো আসন বরাদ্দ না থাকলেও ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে আসন বরাদ্দ ছিল। ওই যাত্রীদের বুধবার রাতেই বিষয়টি জানানো হয়েছে এবং টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
পঞ্চগড় রেলস্টেশনের মাস্টার জাহিদুল ইসলাম বলেন, সকালে ট্রেনটি পঞ্চগড় স্টেশনে আসার পর বিদ্যুৎ বিভাগ জানায় যে একটি বগির কনডেন্সার কয়েল পাওয়া যাচ্ছে না। এরপর ওই বগিটি বাতিল করা হয় এবং সেটির টিকিট বিক্রি বন্ধ রাখা হয়। আগে থেকে যেসব যাত্রী ওই বগির টিকিট কিনেছিলেন, তাঁদের সমপরিমাণ টাকা ফেরত দেওয়া হয়েছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই ট্রেনে একটি বগি কম থাকবে।

Comments
Comments