[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নড়াইলে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, দেয়ালে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

প্রকাশঃ
অ+ অ-
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা। ভবনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছবি | ছবি: ভিডিও থেকে সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ দলটির কার্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটানো হয়েছে।

মঙ্গলবার রাতের কোনো এক সময়ে উপজেলা শহরের জয়পুর জামরুলতলা এলাকায় কার্যালয়টির দেয়ালে এই ছবি সাঁটানো ও পতাকা উত্তোলন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার সকাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া এ–সংক্রান্ত একটি ভিডিওতে দেখা গেছে, পরিত্যক্ত কার্যালয়টির সামনে একটি সাদা রঙের পাইপে জাতীয় পতাকা উড়ছে। এর পেছনে কার্যালয়ের দেয়ালের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি সাঁটানো রয়েছে।

ভিডিওটি পোস্ট করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার ক্যাপশনে লিখেছেন, ‘লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত করা হয়েছে।’

তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর ছবিগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং পতাকা সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। দুপুরের দিকে কার্যালয়টির সামনে লোহাগড়ায় কর্মরত কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি, সবকিছু ছিঁড়ে ফেলা হয়েছে। সম্ভবত ফেসবুকে ভাইরাল হওয়ার পরপর কে বা কারা গিয়ে সব সরিয়ে ফেলেছে। এখন আর পতাকা বা ছবি কিছুই নেই। তবে দেয়াল থেকে ছবি যে ছেঁড়া হয়েছে, তা বোঝা যাচ্ছে।’

এ বিষয়ে বিকেলে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুঠোফোনে জানান, সেখানে পুলিশের একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নড়াইলের বিভিন্ন স্থানে দলটির কয়েকটি কার্যালয় ও নেতাদের ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। সে সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টিও ভাঙচুর করা হয়েছিল। এর পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন