চট্টগ্রামে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট
![]() |
| মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশন এলাকার আল বারাকা অ্যাগ্রো খামার | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি খামার থেকে ৪০টি ছাগল লুট হয়েছে। খামার মালিকের অভিযোগ, মঙ্গলবার রাতে খামারের এক কর্মীকে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে একদল দুর্বৃত্ত এসব ছাগল নিয়ে গেছে। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের নিজামপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ছাগল খামারের মালিক উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা আবু হেনা কায়সার। তিনি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। ছাগল লুটের বিষয়টি স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
খামারের মালিক আবু হেনা কায়সার বলেন, ‘আমার বাড়ি হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ওয়াহেদপুর ইউনিয়নে গত দুই বছর ধরে এই ছাগলের খামারটি পরিচালনা করছি। খামার দেখাশোনার জন্য কর্মী নিয়োগ দেওয়া আছে। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে খামারে আসে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কর্মীকে আটকে রাখে। এরপর খামারে থাকা ৪০টি ছাগল লুট করে নিয়ে যায়।’
তিনি আরও জানান, লুট হওয়া ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। এ বিষয়ে পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং দ্রুতই লিখিত অভিযোগ দেওয়া হবে।
জানতে চাইলে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘কর্মীকে বেঁধে খামারের ছাগল লুট করার বিষয়ে একটি মৌখিক অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Comments
Comments