[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

যশোরে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

প্রকাশঃ
অ+ অ-
যশোর শহরে পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার ঝোলানো হয়। পরে সেই ব্যানার নামিয়ে ফেলে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গাড়িখানা সড়কে | ছবি: পদ্মা ট্রিবিউন   

যশোর শহরের পরিত্যক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিসহ একটি ব্যানার ঝোলানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার পর শহরের গাড়িখানা সড়কে দলীয় কার্যালয়ের ছাদের সামনের দেওয়ালে ব্যানারটি ঝুলতে দেখা যায়। 

তবে কে বা কারা, কোন সময়ে ব্যানারটি টাঙিয়েছেন, তা কেউ নিশ্চিত করতে পারেননি। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে আটটার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা ব্যানারটি নামিয়ে ফেলেন।

ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয়ের গাড়িখানা সড়কের সামনের অংশে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে জড়িয়ে ধরা বাবা-মেয়ের একটি ছবি সংবলিত ব্যানার ঝুলছে। ব্যানারটির এক কোণে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে। দলীয় কার্যালয়ের সামনে অনেক পথচারী তখন ব্যানারটির ভিডিও করছিলেন।

স্থানীয় দোকানদারেরা জানান, কে বা কখন এটি লাগিয়েছেন, তা তাঁরা জানেন না। তিনতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আওয়ামী লীগের কার্যালয়। জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের দিন ৫ আগস্ট বিকেলে ছাত্র-জনতা এই কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। সেই থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। পরে ভবন কর্তৃপক্ষ কার্যালয়ের প্রবেশপথটি ইট দিয়ে গেঁথে দেয়। এখন সেখানে আর ঢোকার কোনো পথ নেই।

কয়েকজন দোকানদার বলেন, পেছনের ভবনের কার্নিশ দিয়ে কেউ ছাদে উঠে ব্যানারটি টাঙিয়েছেন। ভিডিও ছড়িয়ে পড়লে এবং স্থানীয় লোকজনের কাছে খবর শুনে কোতোয়ালি মডেল থানা ও কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে ব্যানারটি সরিয়ে নেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ব্যানারটি সরিয়ে ফেলেছি। ব্যানারটি এখন কসবা ফাঁড়িতে রাখা হয়েছে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন