[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দেবে: আসিফ মাহমুদ

প্রকাশঃ
অ+ অ-
নির্বাচনী পদযাত্রায় বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ডের সামনের সড়কের পাশে | ছবি: পদ্মা ট্রিবিউন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা তিনবার ক্ষমতায় এসেছিলেন। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে তাঁকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। প্রশাসনকে ব্যবহার করে কেউ যদি আবার পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করেন, মনে করবেন না, শেখ হাসিনার মতো তারা পার পেয়ে যাবেন। প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্য জীবন দিতে প্রস্তুত।’

মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়ায় নাটোর-৩ (সিংড়া) আসনে ১১–দলীয় নির্বাচনী জোটের প্রার্থী এস এম জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় আসিফ মাহমুদ এ মন্তব্য করেন। সিংড়া বাসস্ট্যান্ডের সামনের সড়কের পাশে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, পঞ্চগড়ের একজন প্রিসাইডিং অফিসার ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন। আমরা মনে করি, এটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরনো রূপই দেখাচ্ছে। আমরা ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। সেটি সফল করতে আমাদের সবার দায়িত্ব পালন করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখছি, নির্বাচন কমিশনে ১১–দলীয় জোটের পক্ষ থেকে কোনো অভিযোগ গেলেও ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপির প্রার্থীকে শোকজ করার কারণে ওই অফিসারকে সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হয়েছে।’

পদযাত্রায় উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনে ১১–দলীয় নির্বাচনী জোটের প্রার্থী এস এম জার্জিস কাদির, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক তাহাশ নূরসহ ১১–দলীয় জোটের অন্যান্য নেতা–কর্মীরা।

পদযাত্রায় ধাক্কাধাক্কি
অনুষ্ঠানের সময় মঞ্চে বসার নিয়েই ছাত্রশক্তি ও যুবশক্তির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ছাত্রশক্তির এক কর্মী মঞ্চে বসলে যুবশক্তির এক নেতা তাঁকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে ফেলে দেন। এই ঘটনার পর অন্তত ১৫ মিনিট উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কি চলে। পরে ছাত্রশক্তির ওই নেতাকে আবার মঞ্চে বসিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন